কালিয়াকৈরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত তীব্র যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজট চলছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন বলেছেন, আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুরে বাস দুর্ঘটনার ফলে এ যানজট হয়। সেখানে বাস ও ছোট গাড়ি আটকে আছে। চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এত গাড়ি আটকে থাকায় সাভারের নবীনগর থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত এবং আবদুল্লাহপুর বাইপাইল সড়কের জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত যে যানজট চলছিল তা উঠে গেছে। প্রায় ১৮ ঘণ্টা পরে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে ওই স্থানে যানজট শুরু হয়। আশুলিয়া ও সাভারের হাইওয়ে পুলিশের সার্জন কামাল পাশা সাংবাদিকদের বলেছেন, যেখানে-সেখানে ট্রাক ও বাস থামিয়ে যাত্রী তোলা ও দুর্ঘটনাকবলিত যানবাহন পড়ে থাকায় এ যানজট সৃষ্টি হয়েছিল। এদিকে আমাদের শেরপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানিয়েছেন, আজ ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও তীব্র যানজট হয়। তবে দুপুরের পর থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত তীব্র যানজট চলছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন বলেছেন, একেকটি গাড়ি চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পৌঁছতে এবং বঙ্গবন্ধু সেতু থেকে চন্দ্রা পৌঁছতে আট থেকে ১০ ঘণ্টা সময় লাগছে। যানজটের ফলে ঈদে ঘরমুখো লোকজন চরম দুর্ভোগের শিকার হচ্ছে। আমাদের কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, প্রতি ঈদের আগে চন্দ্রা এলাকায় যে যানজটের সৃষ্টি হতো এবার তার তুলনায় গাজীপুরে যানজট অনেকটা কমেছে।