কালিয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের নড়াগাতি থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খানকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বড়দিয়া পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের জের ধরে এ ঘটনা ঘটে। হামলাকারীদের নিবৃত্ত করতে গিয়ে মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বাদশা খান, সোহেলসহ ১৫ জনের মতো আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান, জনি, মাহামুদ, সোহেলসহ ১০-১২ জন সন্ত্রাসী জিয়াকে একা পেয়ে কুপিয়ে জখম করেছে। জিয়াউর রহমান খানের ভাই আজাদ খান জানান, কালিয়া উপজেলার চেয়ারম্যান শামীমুর রহমান নিজে দাঁড়িয়ে থেকে তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে এ ঘটনা ঘটান। বড়দিয়া পুলিশ ফাঁড়ির সামনে ঘটনা ঘটলেও এ ব্যাপারে পুলিশ কোনো ভূমিকা নেয়নি। নড়াগাতি থানার পুলিশ কোনো মামলাও নেয়নি।তবে উপজেলা চেয়ারম্যান শামীমুর রহমান এ অভিযোগ অস্বীকার করেন। বড়দিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, ইফতারের আগ মুহূর্তে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েই এলাকা ত্যাগ করে। এ ব্যাপারে ফাঁড়িতে কেউ কোনো অভিযোগ দেয়নি। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দিতে আসেনি।