কালিয়ায় বোমা হামলায় স্ত্রীসহ সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়ায় সন্ত্রাসীদের বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ও স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মশিউল হক ও তাঁর স্ত্রী রীনা পারভীন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত রোববার গভীর রাতে নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে মশিউল হকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। মশিউল হক জানিয়েছেন, সন্ত্রাসীরা বোমার পাশাপাশি তাঁকে লক্ষ্য করে গুলিও ছোড়ে। তবে পুলিশ ঘটনাস্থলে গুলির কোনো আলামত পায়নি।গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে মশিউল হক ও রীনা পারভীন তাঁদের দুই সন্তান নিয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে জানালা দিয়ে সন্ত্রাসীরা ঘরের ভেতর বোমা ছোড়ে। বোমার আঘাতে মশিউল হক ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। তাঁদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ভোররাতে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল সোমবার দুপুরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আহত মশিউল হক জানান, রাতে তিনি স্ত্রী রীনা পারভীন, ছেলে এজাজ (৬) ও সামিউলকে (৪) নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। গরমের কারণে ঘরের জানালা খোলা ছিল। রাত তিনটার দিকে হঠাৎ সন্ত্রাসীরা জানালা দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি করে ও বোমা হামলা চালায়। তিনি ও তাঁর স্ত্রী গুরুতর আহত হলেও দুই ছেলে অক্ষত আছে। হামলার পর তিনি দু-তিনজন যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-২-এর সহকারী অধ্যাপক সৈয়দ মোজাম্মেল হোসেন জানান, বোমার একটি স্প্লিন্টার মশিউল হকের বুকে বিদ্ধ হয়ে মেরুদণ্ডের কাছাকাছি পর্যন্ত গিয়েছে। এ ছাড়া ডান হাত ও হাতের কবজি থেঁতলে গেছে এবং বাঁ হাতেও বোমার আঘাতের চিহ্ন রয়েছে। রীনা পারভীনের মাথার ডান পাশে বোমার স্প্লিন্টার ঢুকেছে। এ ছাড়া তাঁর ডান চোখেও বোমার আঘাত লেগেছে। দুজনের মধ্যে রীনা পারভীনের অবস্থা বেশি আশঙ্কাজনক।হামলার বিষয়ে মশিউল হক জানান, বিভিন্ন সময় তিনি সন্ত্রাসী ও বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ পরিবেশন করেছেন। এ কারণে কেউ তাঁর ওপর ক্ষিপ্ত হতে পারে। এ ছাড়া জমি নিয়ে অন্যদের সঙ্গে তাঁর বিরোধের জের ধরেও কেউ এ কাজ করতে পারে।নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে রাতে ও সকালে দুই দফা পুলিশ সাংবাদিক মশিউল হকের বাড়িতে যায়। তাঁর ঘর থেকে বিস্ফোরিত বোমার চারটি স্প্লিন্টারসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। মশিউল হকের ওপর হামলার প্রতিবাদে গতকাল দুপুরে কালিয়া প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাংবাদিক গোলাম মোর্শেদ, মাসুম রেজা, কামরুজ্জামান, শরীফ নাসির মাহমুদ প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।এ ছাড়া গোপালগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগকথার কার্যালয়ে গতকাল সন্ধ্যায় এক প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি সুব্রত সাহা, যুগান্তর-এর এস এম হুমায়ুন কবীর, কালের কণ্ঠ-এর প্রসূন মণ্ডল, দেশ টিভি ও ভোরের কাগজ-এর সলিল বিশ্বাস ও দৈনিক যুগকথার মোহসিন উদ্দিন সিকদার, সেলিম রেজা, কপিল বিশ্বাস প্রমুখ।এ ছাড়া গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ মাসুদুর রহমান ও মহাসচিব সৈয়দ মুরাদুল ইসলাম এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।