কালী মন্দির থেকে পাঁচ লাখ টাকার মালামাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী কালী মন্দিরে কালী মূর্তির স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদরের হালদারপাড়া এলাকায় এই চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হয়েছে। আনন্দময়ী কালীবাড়ি ট্রাস্টের কোষাধ্যক্ষ অরূপ চন্দ্র রায় জানান, সোমবার রাতে দুর্বৃত্তেরা কালী মন্দির ও রামকৃষ্ণ মন্দিরের কলাপসিবল গেটের তালা ভেঙে কালী মূর্তির পরিধেয় পাঁচ ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। তিনি বলেন, মঙ্গলবার ভোরে এক পূজারি মদন মোহন চক্রবর্তী পূজা করতে এসে মন্দিরের ভেতরের গেইটের তালা ভাঙা দেখতে পান। অরূপ চন্দ্র রায় জানান, দুর্বৃত্তেরা মন্দিরের অদূরে একটি বালির স্তূপে মন্দিরের কিছু জিনিস ফেলে যায়। পরে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র রায় মালামালগুলো উদ্ধার করে মন্দিরে নিয়ে আসেন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মন্দিরের কোষাধ্যক্ষ অরূপ চন্দ্র রায় বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।