কালীগঞ্জ পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের নবগঠিত কালীগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী লুৎফর রহমান। তিনি চশমা প্রতীক নিয়ে নির্বাচন করে ১৬ হাজার ২৪৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আমজাদ হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন আট হাজার ৪০৬ ভোট।গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল আহসান তালুকদার।কালীগঞ্জকে আওয়ামী লীগ তাদের ঘাঁটি ও ভোটব্যাংক মনে করে। সর্বশেষ জাতীয় নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেহের আফরোজ। বর্তমানে তিনি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী। পৌর নির্বাচনে জয়ী লুৎফর রহমান হলেন পরাজিত প্রার্থী আমজাদ হোসেনের বড় খালার ছেলে। আমজাদ একসময় বিএনপির রাজনীতি করতেন। বিএনপির সমর্থন নিয়ে সর্বশেষ কালীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করে তিনি হেরে যান। কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার সময় তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে মেয়র পদে সমর্থন পান।জয়ের পর প্রতিক্রিয়া জানতে চাইলে লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই জয় কালীগঞ্জবাসীর। কালীগঞ্জবাসীর উন্নয়নে কাজ করব। এ জন্য সবার সহযোগিতা চাই।’ আমজাদ হোসেন বলেন, ‘কালীগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি হলেও পৌরবাসী তাঁকে (লুৎফর) ভোট দিয়েছেন। এ জন্য তাঁকে সাধুবাদ জানাই। আমি ফলাফলও মেনে নিয়েছি।’এদিকে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মেয়র পদে দুজন, নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন ও তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভার মোট ভোটারসংখ্যা ৩০ হাজার ৪৯৬ জন। তাঁদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৪০১ জন ও নারী ১৫ হাজার ৯৫ জন।পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রের ৮০টি বুথে ভোট নেওয়া হয়। প্রথমে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়ার কথা থাকলেও পরে ব্যালট পেপার ও বাক্সের মাধ্যমে ভোট নেওয়া হয়। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা।রিটার্নিং কর্মকর্তা কামরুল আহসান তালুকদার বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। শতকরা প্রায় ৮৫ ভাগ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।’হামলার অভিযোগ: ভোট নেওয়ার সময় প্রার্থী লুৎফর রহমান অভিযোগ করে বলেন, ‘সকাল ১০টার দিকে বালিগাঁও উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনের রাস্তায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমজাদ হোসেনের বহিরাগত মাস্তানরা আমার ভোটার ও কর্মীদের ওপর হামলা চালিয়েছে। একইভাবে তারা চৈতের পাড়া ও মূলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যলয়কেন্দ্রে আমার এজেন্ট ও কর্মীকে ভয়ভীতি দেখায়।’অভিযোগ অস্বীকার করে আমজাদ হোসেন জানান, দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন শেষ হয়েছে।