কালীগঞ্জে খোলা আকাশের নিচে ৭ হাজার মেট্রিক টন ইউরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) গোডাউনে স্থানসংকুলান না হওয়ায় প্রায় সাত হাজার মেট্রিক টন ইউরিয়া সার গোডাউন চত্বরে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। জানা গেছে, কালীগঞ্জ বিসিআইসির গোডাউনের ধারণক্ষমতা ১৪ হাজার মেট্রিক টন। ফেব্রুয়ারি পর্যন্ত সার মজুদ ছিল ২১ হাজার মেট্রিক টন। বাকি সাত হাজার মেট্রিক টন সার গোডাউন চত্বরে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। সারের ডিলার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এ বছর ইউরিয়া সারের চাহিদা অনেক কম। অন্য সারের দাম কম হওয়ায় কৃষকেরা ইউরিয়া সার কম ব্যবহার করছে। এ ছাড়া এলাকায় এবার বোরো আবাদও অনেক কম হয়েছে। ফলে ইউরিয়া সারের চাহিদা কম।’বিসিআইসির উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সার এখান থেকে সরবরাহ করা হয়। এবার ডিলাররা সার নিচ্ছেন কম। ফলে গোডাউনে সারের মজুদ বেড়ে যাচ্ছে। ১৪ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন গোডাউনটি সারে পরিপূর্ণ রয়েছে। ফলে জায়গার অভাবে বাকি সার গোডাউন চত্বরে রাখা হয়েছে। প্রতিদিন গোডাউনে সার আসছে সাড়ে ৩০০ থেকে ৪০০ মেট্রিক টন। আর গোডাউন থেকে সরবরাহ হচ্ছে ৩০০ মেট্রিক টন। ফলে প্রতিদিনই কিছু কিছু সার মজুদ থেকে যাচ্ছে।’