কালীগঞ্জে ভূমি কর্মকর্তা নেই ১০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালীগঞ্জ উপজেলায় ১০ বছর ধরে সহকারী কমিশনার-ভূমি কর্মকর্তার (এসি ল্যান্ড) পদ শূন্য রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এসি ল্যান্ডের দায়িত্ব পালন করছেন। এদিকে কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের জন্য নির্ধারিত সাব-রেজিস্ট্রার থাকলেও অন্যত্র অতিরিক্ত দায়িত্ব পালন করার কারণে তিনি কালীগঞ্জে সপ্তাহে মাত্র দুুুই দিন অফিস করেন। ফলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।এসি ল্যান্ড অফিস সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলায় ২০০০ সালে সর্বশেষ এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন মো. হুমায়ন কবির। তিনি অন্যত্র বদলি হওয়ার পর থেকে এ পর্যন্ত পদটি শূন্য রয়েছে। ইউএনও অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসি ল্যান্ডের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ব্যস্ততার কারণে তিনি নিজ দায়িত্ব পালনের পাশাপাশি এসি ল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখতে পারছেন না। এর ফলে ভূমি নিবন্ধন, নামপত্তন, নামজারিসহ বিভিন্ন প্রয়োজনে উপজেলার ১২টি ইউনিয়নের জমির মালিকেরা এসি ল্যান্ড অফিসে এসে প্রতিনিয়ত জটিলতার মুখোমুখি হচ্ছেন। এদিকে কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসের জন্য নিয়োগ করা সাব-রেজিস্ট্রার সপ্তাহে মাত্র দুই দিন অফিস করছেন। এখানেও ভূমি ক্রেতা ও বিক্রেতাদের ভোগান্তির অন্ত নেই।সূত্র জানায়, সাতক্ষীরা জেলায় সাব-রেজিস্ট্রি অফিস আছে সাতটি। কিন্তু জেলার এই সাতটি সাব-রেজিস্ট্রি অফিসে নিয়োগ করা সাব-রেজিস্ট্রারের সংখ্যা মাত্র তিনজন। শুধু কালীগঞ্জ, দেবহাটার সখীপুর ও কলারোয়া উপজেলায় সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। বাকি চারটি অফিসে সাব-রেজিস্ট্রার না থাকার কারণে নিজ কর্মস্থলের পাশাপাশি তাদের অন্যত্র দায়িত্ব পালন করতে হচ্ছে।কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অতুল চন্দ্র মজুমদার শুধু বুধ ও বৃহস্পতিবার কালীগঞ্জে দায়িত্ব পালন করেন। তা ছাড়া তিনি সাতক্ষীরা রেজিস্ট্রি অফিসে প্রতি রোববার পূর্ণদিবস, সোম ও মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দায়িত্ব পালন করেন। আবার সোম ও মঙ্গলবার বিকালে আশাশুনি সাব-রেজিস্ট্রি অফিসে দায়িত্ব পালন করেন। কালীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সদস্য রামচন্দ্র চক্রবর্তী, শান্তিরঞ্জন ঘোষ, চিত্তরঞ্জন ঘোষসহ কয়েকজন জানান, সপ্তাহে দুই দিন অফিস হওয়ায় ক্রেতা ও বিক্রেতাদের পাশাপাশি তাঁরাও ভোগান্তির মধ্যে পড়েন। কালীগঞ্জে সপ্তাহে গড়ে ১২০ থেকে ১৫০টি দলিল সম্পাদন হয়ে থাকে। দুই বছর ধরে এ দুরবস্থা চলছে।কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাবুদ্দিন খান বলেন, ‘এসি ল্যান্ড নিয়োগের জন্য কয়েক দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে আমাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়।’এ ব্যাপারে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মঞ্জুরুল আলম বলেন, ‘ছয় মাস ধরে সাতজনের স্থলে তিনজন সাব-রেজিস্ট্রার রয়েছেন। ফলে সদর উপজেলা ছাড়া অন্যগুলোতে এক থেকে তিন দিনের বেশি অফিস করানো যাচ্ছে না। এ ব্যাপারে লোকবল চেয়ে ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রার (আইজিআর) বরাবর পাঁচবার লিখিত আবেদন করেছি। এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি।’