কালীগঞ্জের কদমতলায় ফুটবল টুর্নামেন্ট পারুলগাছা প্রগতি সংঘ চ্যাম্পিয়ন
কালীগঞ্জের কদমতলায় পিডিকে মিতালী সংঘের উদ্যোগে চারদলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ৫ ডিসেম্বর কদমতলা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পারুলগাছা প্রগতি সংঘ ও পিডিকে মিতালী সংঘের মধ্যে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে পারুলগাছা প্রগতি সংঘ ৩-১ গোলের ব্যবধানে পিডিকে মিতালী সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণ করেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আবদুল ওয়াহেদ। তালায় হা-ডু-ডু খেলায় অভয়তলা চ্যাম্পিয়ন: তালা উপজেলার ইসলামকাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১৬ দলীয় হা-ডু-ডু খেলায় অভয়তলা দল ৪-১ পয়েন্টে মনোহরপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে রঙিন টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি জেলা শ্রমিক দলের সহসভাপতি শেখ সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুভাস সেন, আবদুল আজিজ প্রমুখ। তালায় ক্রিকেট টুর্নামেন্ট: তালা সরকারি কলেজ মাঠে আটদলীয় ক্রিকেট টুর্নামেন্ট ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে তালা ফ্রেন্ডস ক্রিকেট একাদশ ৮ রানে সামিন-রিহ্যাব ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফ্রেন্ডস ক্রিকেট একাদশের ৭৪ রানের জবাবে সামিন-রিহ্যাব ক্রিকেট একাদশ ৬৬ রানে সবাই আউট হয়ে যায়। বিজয়ী দলের হাবলু সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলে শেষে প্রধান অতিথি উপস্থিত থেকে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার পুরস্কার বিতরণ করেন।