কালুরঘাট সেতু অবরোধ করে আ.লীগ নেতার টোল আদায়!
আওয়ামী লীগের নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কালুরঘাট সেতু অবরোধ করেছেন। এ সময় তাঁরা সেতুর উভয় পাশের দুই শতাধিক গাড়ি থেকে জোর করে টোল আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবারও সেতু এলাকায় তাঁরা সমাবেশ করেন। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাবি করেন, সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করার প্রতিবাদে তাঁরা রাতে এক ঘণ্টার জন্য সেতু অবরোধ করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল করিম ওরফে বাবুলের অনুসারীরা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কালুরঘাট সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। তারা সেতুর উভয় দিকে আটকেপড়া গাড়ি থেকে টোল আদায় করে রাত সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয়।জানা গেছে, পূর্ণিমা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান গত বছরের ২ নভেম্বর এক বছরের জন্য কালুরঘাট সেতুর ইজারা পায়। ২২ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি সেতুর টোল তোলা শুরু করে। ইজারাদার প্রতিষ্ঠান রেলওয়ে কর্তৃপক্ষকে দুই কোটি ৮১ লাখ ৬০ টাকা দিচ্ছে। আর আয়কর ও ভ্যাটসহ ইজারা প্রতিষ্ঠানের মোট ব্যয় হচ্ছে তিন কোটি ৩৭ লাখ ৯২ হাজার টাকা।সেতুর ইজারাদার প্রতিষ্ঠান পূর্ণিমা ট্রেডার্সের মালিক অশোক বড়ুয়া অভিযোগ করেন, ‘বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের লোকজন হঠাত্ সেতু অবরোধ করে দুই শতাধিক গাড়ি থেকে জোর করে প্রায় ২০ হাজার টাকা টোল আদায় করে। স্থানীয় আওয়ামী লীগের নেতা রেজাউল করিমের নেতৃত্বে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বোয়ালখালী থানায় অভিযোগ দিতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কোনো সহযোগিতা পাইনি।’অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের নেতা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী গাড়ি থেকে টোল আদায় করেনি। সেতু দিয়ে ১০ টনের বেশি পণ্যের গাড়ি চলাচল বন্ধ করতে আমরা বারবার তাগিদ দিয়ে আসছি। কিন্তু ইজারাদার প্রতিষ্ঠান আমাদের কথা শোনেনি। তাই বৃহস্পতিবার রাতে কিছুক্ষণের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।’বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক মিয়া বলেন, ‘ইজারাদার প্রতিষ্ঠান অভিযোগ দিলে আমরা তা মামলা হিসেবে নথিভুক্ত করব। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণ নিয়ে থানায় আসতে হবে।’এদিকে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে সেতু এলাকায় সমাবেশ হয়। সমাবেশে বক্তারা ১০ টনের বেশি ওজনের পণ্য বা মালামাল নিয়ে গাড়ি কালুরঘাট সেতুর ওপর দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল করিম ও যুবলীগের নেতা মোরশেদুল আলম বক্তৃতা করেন।আওয়ামী লীগের নেতাদের দাবি প্রসঙ্গে ইজারাদার প্রতিষ্ঠানের মালিক অশোক বড়ুয়া বলেন, ‘ভারী ওজনের গাড়ি বন্ধের পক্ষে আমিও। কিন্তু ১০ টনের বেশি মালামাল পরিবহন করা গাড়ি চিহ্নিত করার ওজনযন্ত্র কালুরঘাট সেতু এলাকায় নেই। যাঁরা এ নিয়ে দাবি তুলেছেন, তাঁরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করতে পারেন। আমাদের কাজে বাধা সৃষ্টি করা তো যুক্তিসংগত নয়।’স্থানীয় সূত্রে জানা গেছে, ‘স্থানীয় আওয়ামী লীগের একাংশ ওই সেতু ইজারা নেওয়ার জন্য দরপত্রে অংশ নিয়েছিল। কিন্তু সর্বোচ্চ দরদাতা না হওয়ায় তারা ইজারা পায়নি। ফলে ওই অংশটি অশোকের ওপর ক্ষুব্ধ।’