কালের কণ্ঠকে অপসাংবাদিকতা থেকে বিরত থাকার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা নং-৩/২০১০জনাব মতিউর রহমান ফরিয়াদিসম্পাদক ও প্রকাশকদৈনিক প্রথম আলো১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউঢাকা-১২১৫।বনাম১। জনাব আবেদ খান, সম্পাদক প্রতিপক্ষ২। জনাব মোস্তফা কামাল মহীউদ্দিন, প্রকাশকদৈনিক কালের কণ্ঠ১৩/ক/১ পান্থপথ, ঢাকা-১২১৫।জুডিশিয়াল কমিটির উপস্থিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ১। বিচারপতি বি. কে. দাস চেয়ারম্যান২। জনাব রিয়াজউদ্দিন আহমেদ সদস্য৩। জনাব ইকবাল সোবহান চৌধুরী সদস্য৪। জনাব এম. শাহজাহান মিয়া সদস্য৫। শ্রী কার্তিক চ্যাটার্জী সদস্য৬। জনাব শামসুজ্জামান খান সদস্যফরিয়াদিপক্ষে : জনাব খায়রুল ইসলাম ও আফতাব উদ্দিন ছিদ্দিকী, অ্যাডভোকেট।প্রতিপক্ষে : জনাব জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট।শুনানির তারিখ : ২৩/০২/১১, ১০/০৩/১১, ২৮/৩/২০১১ ও ৫/৪/২০১১ ইং।রায়ের তারিখ : ১২/৪/২০১১ ইং। রায় মতিউর রহমানের অভিযোগ: জনাব মতিউর রহমান, সম্পাদক ও প্রকাশক ‘দৈনিক প্রথম আলো’ এবং পরিচালক মিডিয়া স্টার লিঃ এই মর্মে অভিযোগ দায়ের করেন যে ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকায় ১০ই মে ‘হোতা তাজউদ্দিনকে বাঁচাতে চেয়েছিলেন মতিউর রহমান’—শিরোনামে আপত্তিকর, অসত্য ও বানোয়াট সংবাদ প্রকাশ করে তাঁর সুনাম, যশ ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করেছেন। তিনি অভিযোগ করেন যে ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকার প্রথম পাতায় প্রধান সংবাদ হিসাবে উপরিউক্ত শিরোনামের সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁহাকে পারিবারিক, সামাজিক, ধর্মীয় ও মানসিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। তিনি দাবি করেন যে তিনি সাংবাদিকতা পেশায় স্বনামধন্য ও সুপ্রতিষ্ঠিত একজন ব্যক্তি এবং প্রতিপক্ষ বিনা প্ররোচনায়, অকারণে বিশেষ একটি মহলের ইন্ধনে কালের কণ্ঠ পত্রিকায় অসত্য, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর ও কুৎসাপূর্ণ গালগপ্প ছেপে তাঁর ও তাঁর পত্রিকা ‘দৈনিক প্রথম আলো’র সুনাম, সুখ্যাতি এবং নিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টাই কেবল করেনি, তাঁকে সামাজিক ও পারিবারিকভাবে অন্তহীন ও অনাকাঙ্ক্ষিত বিরূপ ও বিড়ম্বনাকর পরিস্থিতিতে নিক্ষেপ করেছেন। উক্ত সংবাদের কোনো বস্তুনিষ্ঠতা ছিল না বা তথ্য-উপাত্ত কিংবা সুস্পষ্ট সংবাদ উৎসের উল্লেখও করেননি। সংবাদ ও সংবাদপত্রের নিয়মনীতির তোয়াক্কা না করে সংবাদের আদলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করে তাঁর প্রতি ব্যক্তিগত আক্রোশ ও বিষোদ্গার করেছে, যা সংবাদপত্রে প্রচারিত তথ্যনির্ভর নহে। তিনি আরও দাবি করেন যে কালের কণ্ঠ পত্রিকা দৈনিক পত্রিকা হিসাবে ২০১০-এর জানুয়ারি মাসে আত্মপ্রকাশ করে, যদিও দীর্ঘ প্রায় সাড়ে ৫ বছর পূর্বেকার একটি ঘটনার বিকৃত ও বানোয়াট সংবাদ পরিবেশন করে তাঁর ভাবমূর্তি বিনষ্ট করেছেন। আরও দাবি করা হয় যে ২১ শে আগস্ট ২০০৪ ইং গ্রেনেড হামলার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। অথচ সংবাদপত্রের নীতি-নৈতিকতাবহির্ভূত প্রচারণার মাধ্যমে তাঁর ভাবমূর্তি, সামাজিক ও পারিবারিক ক্ষতিসাধন করেছেন। তিনি উক্ত পত্রিকার কয়েকটি অংশের উদ্ধৃতি উল্লেখপূর্বক বক্তব্য রাখেন যে তিনি উক্ত আপত্তিকর সংবাদ ও প্রতিবেদন ছাপানোর বিরুদ্ধে ‘কালের কণ্ঠ’ পত্রিকার সম্পাদক বরাবরে ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার পক্ষ হতে গত ১০ মে একটি প্রতিবাদপত্র পাঠান। ১২ মে কালের কণ্ঠ পত্রিকায় প্রতিবাদপত্র ‘প্রথম আলোর প্রতিবাদ ও কালের কণ্ঠের বক্তব্য’ ওই প্রতিবাদটিতে ছাপানো হয়, যা তাঁর পাঠানো প্রতিবেদনের আংশিক ও বিকৃত অংশ মাত্র। প্রতিবাদপত্রটি ‘কালের কণ্ঠ’ পত্রিকাতে প্রথম পাতায় যথাযথ গুরুত্বের সঙ্গে ছাপানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু ‘কালের কণ্ঠ’ পত্রিকা তা কাটছাঁট করে দায়সারা ও অনুল্লেখযোগ্যভাবে ছাপানোর ফলে তা পাঠকের দৃষ্টি আকর্ষণ দূরে থাক, সহজে চোখেই পড়ে না, যা সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি, ১৯৯৩ (২০০২ সালে সংশোধিত) এর ১৭ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। দরখাস্তে উল্লেখ করা হয় যে বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম হোতা বলে চিহ্নিত জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দিনকে যে র‌্যাব খুঁজছে, তা তাঁকে আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় ‘দৈনিক প্রথম আলো’ সম্পাদক মতিউর রহমান ও একই পত্রিকার সাংবাদিক টিপু সুলতান। তাজউদ্দিনকে তাঁরা ওই তথ্য জানিয়ে দিয়ে সতর্ক করে দিয়েছিলেন। শুধু তা-ই নয়, বিএনপিকে সহায়তা করার জন্য তাজউদ্দিনকে দিয়ে একটি নতুন রাজনৈতিক দল করার ব্যাপারেও মতিউর রহমান তাঁর সঙ্গে আলোচনা করেছিলেন।’ ‘র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খোঁজার সময় তাজউদ্দিনকে প্রথম আলোর মতিউর রহমান ও টিপু সুলতান সতর্ক করে দেয়ার পর প্রভাবশালী একটি মহল তাঁকে বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশে যাওয়ার আগে মতিউর রহমানের সঙ্গে তাজউদ্দিন একাধিকবার বৈঠক করেছেন। ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে মধ্যস্থতা করেন টিপু সুলতান।’ ‘প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অপর গোষ্ঠীটির টার্গেট ছিল শেখ হাসিনা ও গণতন্ত্র।’ আরও উল্লেখ করা হয় যে কালের কণ্ঠ পত্রিকার উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার এতটাই বিদ্বেষপূর্ণ ও হিংসাশ্রয়ী ছিল যে ১২ মে এক কলামে নিতান্ত গুরুত্বহীনভাবে আমাদের প্রতিবাদপত্র ছাপিয়ে ঠিক তার পাশে আবেদনকারীর নতুন রঙিন ছবি বিশাল করে জুড়ে দেয়া হয় আরেকটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ, যার শিরোনাম ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: জিজ্ঞাসাবাদ করা হতে পারে মতিউর রহমানকে’। উক্তরূপ সংবাদ পরিবেশনের কোনো ভিত্তি বা কারণ ছিল না।কালের কণ্ঠের জবাব: প্রতিপক্ষ ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকা একটি জবাব দাখিল করে আত্মপক্ষ সমর্থনে ‘প্রথম আলো’র মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া তথ্যের কোনো আইনগত মূল্য নেই এবং বিচারিক আমলে না নেওয়ায় তা প্রত্যাখ্যাত করার আবেদন জানান। উক্ত জবাবে ‘প্রথম আলো’র দায়েরকৃত অভিযোগসমূহ মিথ্যা, বানোয়াট ও অকারণ হয়রানির উদ্দেশ্যে আনা হয়েছে বলে অভিযোগগুলি অস্বীকারপূর্বক ‘দৈনিক কালের কণ্ঠ’ সংবাদপত্র সংবাদ প্রকাশের কোন নীতিমালা ভঙ্গ করে নাই মর্মে দাবি করেন। এই জবাবে আরও উল্লেখ করা হয় যে (ক) ১০ মে সোমবার, ২০১০ ইং তারিখের প্রকাশিত সংখ্যার এক শিরোনামে ‘হোতা তাজউদ্দিনকে বাঁচাতে চেয়েছিলেন মতিউর রহমান’। (খ) ১২ই মে ২০১০ ইং তারিখে প্রকাশিত সংখ্যায় শিরোনাম ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: জিজ্ঞাসাবাদ করা হতে পারে মতিউর রহমানকে’। তথ্যনির্ভর বলে মন্তব্য করেন এবং বলেন যে ‘দৈনিক কালের কণ্ঠ’ বস্তুনিষ্ঠ সংবাদ জাতির কাছে তুলে ধরায় ক্ষিপ্ত হয়ে আবেদনকারী এ মিথ্যা মামলা দায়ের করেছেন। আত্মপক্ষ সমর্থনে ‘দৈনিক কালের কণ্ঠ’ এই মামলাটিকে বাতিল করার আবেদন করেন।আবেদনকারী কর্তৃক সম্পাদিত ‘দৈনিক প্রথম আলো’ কর্তৃপক্ষের একটি প্রতিবাদ ১২ মে ২০১০ ইং তারিখে যথাযথ গুরুত্ব দিয়ে ‘দৈনিক কালের কণ্ঠে’ ছাপা হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে আবেদনকারীর আপত্তিকৃত সংবাদ ছেপেছে কিন্তু ‘গোয়েন্দা সংস্থা বা ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আজ পর্যন্ত ‘কালের কণ্ঠের’ সংবাদ ভুল বা বানোয়াট এই মর্মে কোনো প্রতিবাদ পাঠায়নি। অর্থাৎ ধরে নেওয়া যায় পিন্টুর জবানবন্দি বা এ সংক্রান্ত যে প্রতিবেদন ছাপা হয়েছে তা একান্ত সঠিক।’ আরও উল্লেখ করা হয় যে ‘যেহেতু ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার সাবেক উপমন্ত্রী জনাব আবদুস সালাম পিন্টু অত্যন্ত সচেতন ব্যক্তি, তাঁর পরিবারের সদস্যরা অত্যন্ত সচেতন। তাই ‘দৈনিক কালের কণ্ঠে’ প্রকাশিত সংবাদ মিথ্যা হলে তাঁরাও প্রতিবাদ পাঠাতেন। যেহেতু, জনাব আবদুস সালাম পিন্টুর পক্ষ হতে কোনো প্রতিবাদ পাঠানো হয়নি, সেহেতু ধরে নেওয়া যায় তাঁকে উদ্ধৃত করে ‘কালের কণ্ঠে’ যা ছাপা হয়েছে তা সঠিক বা নির্ভুল।’ ইত্যাকার বর্ণনা দিয়ে ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকা বর্তমান মামলাটি খারিজ করার আবেদন জানান।মতিউর রহমানের প্রতি-উত্তর: উক্ত জবাবের বিরুদ্ধে আবেদনকারী জনাব মতিউর রহমান আরও একটি জবাব দাখিল করেন। মূল আর্জির বুনিয়াদে লিখিত এই জবাবে দাবি করা হয় যে ‘প্রতিপক্ষের তর্কিত প্রতিবেদনসমূহ ঘৃণ্য ও চক্রান্তমূলকভাবে ব্যানার হেডিং-এ প্রকাশিত এবং গ্রেনেড মামলায় গ্রেপ্তারকৃত আসামির ছবির পাশে সমগুরুত্বপূর্ণভাবে ফরিয়াদির ছবি ছাপিয়ে প্রতিপক্ষগণ হলুদ সাংবাদিকতার নিকৃষ্টতম নজির স্থাপন করেছেন। দেশের সর্বাধিক প্রচারিত ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার সম্পাদক/প্রকাশক এবং খ্যাতনামা একটি কোম্পানির সম্মানিত পরিচালক, ফরিয়াদির ছবি, তাঁর বিনা অনুমতিতে ঘৃণ্যতম উদ্দেশে ছাপানো হয়েছে। সাংবাদিকতায় প্রতিপক্ষগণ নষ্ট নজির স্থাপন করেছেন এবং তাঁরা প্রিন্ট মিডিয়া অঙ্গনের কাচঘরে কার্যত ষাঁড়ের অনুপ্রবেশের তুল্য নিজেদের আগমনবার্তা পাঠক মহলে পৌঁছে দিয়েছেন।’ এখানে আরও উল্লেখ করা হয়েছে যে ‘গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে প্রতিপক্ষ সরকারের গোপনীয়তা আইন ভঙ্গের স্বীকারোক্তি দিয়েছেন।’ আবেদনকারী আরও উল্লেখ করেন যে ‘আবেদনকারীর চরিত্র হননে প্রতিপক্ষগণ (ক) শোনা কথা Gossip (খ) ভ্রান্ত অনুমান ও ধারণা এবং (গ) সরকারি অতি গোপনীয় নথি ও রিপোর্ট দেখার মিথ্যা দাবি এবং (ঘ) মানহানিকর রিপোর্টের পূর্ব প্রকাশনাকে ঢাল হিসাবে (Defense) ব্যবহার করেছেন।’আবেদন, জবাব ও প্রতি-উত্তর বিশ্লেষণ: উপরিউক্ত আবেদন, জবাব ও প্রতি-উত্তর বিশ্লেষণ করা হলো। উভয়পক্ষের বিজ্ঞ আইনজীবীদের দীর্ঘ বক্তব্য শ্রবণ করা হলো। প্রতিপক্ষের বক্তব্যের মূল ভিত্তি হচ্ছে, ২১ আগস্ট ২০০৪ ইং তারিখের বর্বরোচিত গ্রেনেড হামলা মামলার আসামি তাজউদ্দিন এবং কারাগারে বন্দী সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে ঘিরে ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকার একটি প্রতিবেদন। ১০ মে ২০১০ ইং তারিখে ‘দৈনিক কালের কণ্ঠে’ লাল রঙের হেডিং দিয়ে নিজস্ব প্রতিবেদকের বয়ানে ‘বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম হোতা বলে চিহ্নিত জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দিনকে যে র‌্যাব খুঁজছে তা তাঁকে আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় ‘দৈনিক প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান ও একই পত্রিকার সাংবাদিক টিপু সুলতান। তাজউদ্দিনকে তাঁরা ওই তথ্য জানিয়ে দিয়ে সতর্ক করে দিয়েছিলেন। শুধু তা-ই নয়, বিএনপিকে সহায়তা করার জন্য তাজউদ্দিনকে দিয়ে একটি নতুন রাজনৈতিক দল করার ব্যাপারেও মতিউর রহমান তাঁর সঙ্গে আলোচনা করেছিলেন এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদের (হুজি) নেতা তাজউদ্দিনের সঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের এই ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর জবানবন্দি থেকে। গত ২৯ শে এপ্রিল গোয়েন্দা পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য কার্যবিধির ১৬১ ধারায় জবানবন্দি হিসাবে লিপিবদ্ধ করে। আবদুস সালাম পিন্টু জঙ্গি নেতা তাজউদ্দিনের বড় ভাই। গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে পিন্টু আরও বলেছেন, মতিউর রহমান ও সাংবাদিক টিপুর সঙ্গে তাঁর ও তাঁর ভাই তাজউদ্দিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।’ ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকায় আসামি আবদুস সালাম পিন্টুর ফৌজদারি কার্যবিধি আইনের ১৬১ ধারায় কথিত জবানবন্দি প্রকাশ করা হয়েছে। ৪ এপ্রিল ২০১০ ইং তারিখে প্রকাশিত দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় চোখের পড়ার মতো হেডলাইন—‘মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা’—শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, ‘আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড নিক্ষেপ করে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী মাওলানা তাজউদ্দিনের সঙ্গে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গভীর সম্পর্ক ছিল বলে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয়েছে।’ সরকারের একাধিক সংস্থার কোনো বিবরণ বা কোনো নাম প্রকাশ করা হয়নি। একই সংখ্যায় আরও প্রকাশ করা হয়, ‘২১ আগস্টের ঘটনায় গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিন একাধিকবার ‘দৈনিক প্রথম আলো’ কার্যালয়ে (১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ) মতিউর রহমানের সঙ্গে হামলার আগে ও পরে বৈঠক করেছেন বলে গোয়েন্দারা জানতে পেরেছে। পাশাপাশি মতিউর রহমানের হয়ে তাঁর একজন বিশ্বস্ত সাংবাদিকও নিয়মিত মাওলানা তাজউদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখত। তাদের এই সম্পর্কের সঙ্গে গ্রেনেড হামলায় যোগসূত্র আছে বলে একাধিক সংস্থা মনে করে।’ এখানেও কোনো সংস্থার নাম উল্লেখ করা হয়নি। একই সংখ্যায় আরও প্রকাশ করা হয় যে ‘সূত্রগুলো জানায়, ২০০৬ সালের শেষ দিকে তাজউদ্দিনকে ভিন্ন নামে (বাদল) পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিল। (১/১১)-এর অন্যতম হোতা বলে খ্যাত মেজর জেনারেল (অব.) এটিএম আমিন ও তাঁর সহযোগীরা আর এর মূল পরামর্শদাতাও ছিলেন মতিউর রহমান।’ এই সংবাদটির বিষয়ে কোনো বৈধ তথ্য বা কোনো সাক্ষীও প্রদান করেননি। একজন সাংবাদিককে জনসম্মুখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয় বলে এই কাউন্সিল মনে করে। ‘দৈনিক প্রথম আলোর’ সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের বিরুদ্ধে উক্ত ঘটনা সম্পর্কে এ যাবৎ কোনো মামলা দায়ের হয়নি বা কোনো থানায় এফআইআরও লিখিত হয়নি। মতিউর রহমানের সঙ্গে মাওলানা তাজউদ্দিন অথবা সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু বা পাকিস্তানের নাগরিক মজিদ ভাটকে নিয়ে কোনো বৈঠক করার কোনো আলামত এই কাউন্সিলের সামনে উপস্থাপন করেননি। দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাদ দেয়ার মূল পরিকল্পনাকারী হলেন ‘দৈনিক প্রথম আলোর’ সম্পাদক, এরও কোনো তথ্য বা প্রমাণ ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকার আইনজীবী কাউন্সিলের সামনে পেশ করতে পারেননি। বিগত ২৮/৩/২০১১ ইং তারিখে প্রতিপক্ষ মামলাসংক্রান্ত কাগজপত্র দাখিল করার জন্য কাউন্সিলের কাছে আবেদন জানালে কাউন্সিল ন্যায় বিচারের স্বার্থে সাত দিন সময় মঞ্জুর করে এবং ৫/৪/২০১১ ইং তারিখে মামলাটি শুনানির তারিখ ধার্য করা হয়। ওই তারিখে আসামি আবদুস সালাম পিন্টু (৫৭), পিতা-মৃত. ডা. মহিউদ্দিন মিয়া, সাং-গুটিপেচা, পোঃ-অর্জুনা, থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইলে কার্যবিধি আইনের ১৬১ ধারায় প্রদত্ত জবানবন্দির একটি কম্পিউটার কম্পোজড কপি কাউন্সিলের নিকট উপস্থাপন করেন। এই কথিত জবানবন্দি কোনো আদালতের সহি মোহরের নকল নহে, বিধায় অত্র কাউন্সিল এই দলিলখানা বিচারের আওতায় না আনার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই ধরনের একটি দলিল যে কেউ কাউন্সিলকে বিভ্রান্ত করার জন্য পেশ করতে পারেন বিধায়, এই কাউন্সিল এই কম্পিউটার কম্পোজড দলিলখানা বিচারের নিমিত্তে আমলে না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই কাউন্সিল ‘দৈনিক প্রথম আলোর’ আবেদন ‘দৈনিক কালের কণ্ঠের’ জবাব এবং ‘দৈনিক প্রথম আলোর’ প্রতি-উত্তর পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে কালের কণ্ঠে প্রকাশিত মতিউর রহমান সম্পর্কিত তথ্যের কোনো ভিত্তি বের করতে পারেননি। ‘দৈনিক কালের কণ্ঠে’ প্রকাশিত মতিউর রহমান সম্পর্কিত অভিযোগনামার কোনো তথ্য বা ভিত্তি আছে বলে এই কাউন্সিল মনে করে না। তদুপরি, বিষয়টি এখনো তদন্ত পর্যায়ে আছে। তদন্তাধীন কোনো মামলার কোনো তথ্য প্রকাশ করা আইনবিরোধী। ১০ ফেব্রুয়ারি ২০১১ ইং তারিখে প্রকাশিত ‘গোয়েন্দা নজরদারিতে’ শিরোনামে লিখিত মন্তব্যে কালের কণ্ঠ স্বীকার করে যে ‘জানতে চাইলে সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দ বলেন, মামলাটির তদন্ত খুব শিগগিরই শেষ করার চেষ্টা করছি। যেহেতু স্পর্শকাতর বিষয়, সে কারণে এর বেশি কিছু বলতে রাজি হননি।’ অতএব, ‘দৈনিক কালের কণ্ঠের’ স্বীকৃত মতেই মামলাটি তদন্তাধীন এবং বিশেষ পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দ মামলাটি স্পর্শকাতর বিধায় কিছু বলতে রাজি হননি। এর থেকে প্রমাণিত হয় যে মামলাটি এখনো তদন্তাধীন আছে এবং ফৌজদারি আইনের ১৭৩ ধারায় আদালতে কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি এবং আদালত এই মামলা আমলে নেননি। প্রেস কাউন্সিলের পর্যবেক্ষণ ও নির্দেশনা: এরূপ তদন্তাধীন মামলা সম্পর্কে কোনো সংবাদ পরিবেশন করা বা মিডিয়ায় প্রকাশ করার কোনো অধিকার কোনো সংবাদপত্র, সম্পাদক বা মালিক বা প্রকাশক বা কোনো মিডিয়া রাখেন না। অন্যান্য গণমাধ্যমের তুলনায় সংবাদপত্রের প্রভাব, ব্যাপ্তি ও স্থায়িত্ব ও দায়িত্ব তুলনামূলকভাবে বেশি। এ কারণে যে সাংবাদিক সংবাদপত্রের জন্য লিখবেন, তাঁর সূত্রের বিশ্বাসযোগ্যতা ও আইনানুগ অধিকার বিশেষভাবে নজরে রাখতে হবে। সংবাদের সত্যতা সম্পর্কে বিশেষভাবে সাবধান থাকা এবং ঝুঁকি এড়ানোর জন্য সূত্রসমূহ সংরক্ষণ করা সংবাদপত্র কর্মীদের বিশেষভাবে সাবধান থাকা অতীব প্রয়োজন। কোনো আদালতে কোনো অপরাধের ঘটনা বিচারাধীন থাকাকালীন সবপর্যায়ে তার খবর ছাপানো এবং মামলা বিষয়ে প্রকৃত চিত্র উদ্ঘাটনের জন্য আদালতের চূড়ান্ত রায় প্রকাশ করা সংবাদপত্রের দায়িত্বের মধ্যে পড়ে, তবে বিচারাধীন মামলার রায়কে প্রভাবিত করতে পারে, এমন কোনো মন্তব্য বা মতামত প্রকাশ থেকে চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত সাংবাদিককে ও মিডিয়াকে বিরত থাকতে হবে। সংবাদের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য প্রতিবেদনে যথাযথভাবে সূত্র উল্লেখ করতে হবে। অস্পষ্ট ও অসম্পূর্ণ সূত্র সর্বাবস্থায় পরিত্যাজ্য। কোনো সংবাদপত্র অন্য কোনো সংবাদপত্রের বা কোনো ব্যক্তি মানুষের প্রতিদ্বন্দ্বী হিসাবে এমন কিছু প্রকাশ করা যাবে না, যাতে ওই ব্যক্তি বা সংস্থা বা সংবাদপত্রের আর্থিক ক্ষতি এবং সুনাম বিনষ্ট হয়। অহেতুক কোনো সংবাদপত্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি বা ইমেজ যাতে ক্ষুণ্ন না হয় সেদিকেও সংবাদপত্র ও সাংবাদিকপক্ষের কড়া নজর রাখতে হবে। সাংবাদিকতাসংক্রান্ত আলোচনায় নিন্দনীয় শব্দ বা বাক্য ব্যবহূত না করা বা সংবাদপত্রের রিপোর্টে অকারণ চমক সৃষ্টি, প্রয়োজনের অতিরিক্ত আকর্ষণ, রোমাঞ্চক বা উত্তেজক তথ্য গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করাকে ‘ইয়েলো জার্নালিজম’ বলা হয়। সাংবাদিকতার সকল প্রকার নীতিবহির্ভূত কাজ হওয়া সত্ত্বেও গণমাধ্যম ও পত্রিকার মালিক/প্রকাশকরা তাঁদের সংবাদ বা অনুষ্ঠানের প্রচারে হীনস্বার্থ হাসিল করা এবং প্রতিযোগী মাধ্যমগুলোর সঙ্গে অসুস্থ প্রতিযোগিতার শামিল হয়ে এ ধরনের অপসাংবাদিকতা চর্চায় লিপ্ত হলেই তাকে ‘ইয়েলো জার্নালিজম’-এর আওতায় এনে আইনানুগভাবে অপরাধী সাব্যস্ত করা ছাড়া কোনো গত্যন্তর থাকে না। এমন ক্ষেত্রে সাংবাদিকতার বিন্দুমাত্রও প্রকাশ ঘটলেও তা আইনের চোখে অপরাধী বলে গণ্য হবে। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী কাউকে অপরাধী বলা যাবে না। শুধু অভিযোগ আনা হয়েছে বলেই তাঁকে অপরাধী ঘোষণা করা যাবে না। তদুপরি, অপরাধী হলেও তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। স্মরণে রাখা প্রয়োজন যে অভিযুক্ত ব্যক্তির বিচার হবে আদালতে, সংবাদ রিপোর্টিং-এ নয়। সুতরাং কোনো ব্যক্তি বা সংস্থা বা সংবাদপত্র কোনোভাবেই যাতে সংবাদক্ষেত্রে মিডিয়া ট্রায়ালের শিকার না হন সেদিকে সাংবাদিক ও সংবাদমাধ্যমকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তর্কিত বিষয়াদি পর্যালোচনায় দেখা যায় যে কোনো আইনানুগ কর্তৃপক্ষ থেকে ‘দৈনিক প্রথম আলোর’ সম্পাদক জনাব মতিউর রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ আইনানুগভাবে উত্থাপিত হয়নি। স্বীকৃতমতে, বিষয়টি বিচারাধীন আছে। এই অবস্থায় ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকায় প্রকাশিত ১০ মে ২০১০ ইং, ১২ মে ২০১০ ইং ও ১০ ফেব্রুয়ারি ২০১১ ইং তারিখে প্রকাশিত ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মতিউর রহমান ও সাংবাদিক টিপুকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তাকে বে-আইনি, ভিত্তিহীন, বানোয়াট, বস্তুনিষ্ঠতাহীন ছিল বলে অত্র কাউন্সিল মনে করেন। তর্কিত কালের কণ্ঠে প্রকাশিত উক্ত তারিখের সংবাদগুলি কাউন্সিলের কাছে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কুৎসাপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে। একই কারণে প্রথম আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মতিউর রহমানের সুখ্যাতি ও ভাবমূর্তি বিনষ্ট করা হয়েছে এবং তাঁকে সামাজিক ও পারিবারিকভাবে বিড়ম্বনাকর পরিস্থিতির সম্মুখীন করা হয়েছে। তর্কিত কালের কণ্ঠের প্রকাশনাগুলি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক বলে এ কাউন্সিল মনে করেন। তর্কিত দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদসমূহের কোনো সূত্র, তথ্য বা আইনানুগ দলিলপত্র দিয়ে তাদের একতরফা প্রকাশনাকে আইনানুগ রূপ দিতে পারেননি। উভয়পক্ষের বিস্তারিত বিবরণ ও উভয়পক্ষের আইনজীবীদের দীর্ঘ বক্তব্য শ্রবণ করে এ কাউন্সিল মনে করে যে ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকা অহেতুক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষোদ্গার করে হলুদ সাংবাদিকতার প্রকাশ ঘটিয়েছেন। এ কাউন্সিল ‘দৈনিক কালের কণ্ঠের’ এরূপ আচরণকে সংবাদপত্রের নীতিমালার পরিপন্থী বলে মনে করেন এবং তর্কিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও কুৎসাপূর্ণ বলে অভিমত পোষণ করেছেন।বর্তমান মামলাটি দায়ের করা হয়েছে ২৪/১০/২০১০ ইং তারিখে। প্রতিপক্ষ তাঁদের লিখিত জবাব দাখিল করেছেন ২৮/১২/২০১০ ইং তারিখে। মামলাটি বিচারাধীন থাকাবস্থায় ১০/২/২০১১ ইং তারিখে ‘দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়’ ‘২১ আগস্ট গ্রেনেড হামলা: গোয়েন্দা নজরদারিতে মতিউর রহমান’ শিরোনামে সংবাদ পরিবেশন করেন। ‘দৈনিক প্রথম আলো’ হতে প্রেস কাউন্সিল বরাবরে এই তথ্যটি আনয়ন করে, ‘প্রেস কাউন্সিলের নির্দেশ অমান্য করে বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ করে একটি আবেদন ১৩/২/২০১১ ইং তারিখে প্রেস কাউন্সিলে দায়ের করেছেন, যা মামলা বিচারের দিন নিষ্পত্তি হইবে মর্মে আদেশ দেওয়া হয়। The Press Council Regulation, 1980-এর Section 9:2-এ বলা হয়েছে; “When a case is taken its cognizance by the Press Council, no party of the case shall publish anything in any form regarding the subject matter. Any such publication if made shall be construed as interference with the judicial procedure of the Council”.সতর্ক করলেন প্রেস কাউন্সিল: সুতরাং দেখা যাচ্ছে যে ‘দৈনিক কালের কণ্ঠ’ মামলাটি বিচারাধীন থাকাবস্থায় তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে আইন লঙ্ঘন করেছেন, যা ‘কালের কণ্ঠের’ মতো একটি পত্রিকার পক্ষে কোনো অবস্থাতেই শোভনীয় নয়। এ কাউন্সিল আশা প্রকাশ করে ভবিষ্যতে প্রেস কাউন্সিলে বিচারাধীন কোনো মামলার বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করে মামলাটিকে বিভ্রান্তিমূলক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কোনো মিডিয়া চেষ্টা করবেন না। ‘দৈনিক কালের কণ্ঠের’ এরূপ কর্মকাণ্ডকে এ কাউন্সিল সতর্ক করে দিচ্ছে। ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকায় ‘দৈনিক প্রথম আলোর’ সাংবাদিক টিপুকে ঘিরে যে প্রচারণা চালানো হয়েছে, তার সপক্ষে ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকা কোনো সাক্ষ্য এ কাউন্সিলে পেশ করতে পারেননি। সাংবাদিক টিপুকে জড়িয়ে ‘প্রথম আলোর’ সম্পাদক মতিউর রহমানকে ঘিরে ‘দৈনিক কালের কণ্ঠ’ যে অপসাংবাদিকতার পরিচয় দিয়েছেন তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলে এই কাউন্সিল ভবিষ্যতে বিচারাধীন কোনো মামলা বা এমন সাক্ষী-সাবুদ ছাড়া বা কোনো সূত্র ছাড়া কোনো তথ্য পত্রিকায় প্রকাশ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দিচ্ছে। এরূপ তর্কিত সংবাদ প্রকাশের জন্য এ কাউন্সিল ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব আবেদ খান এবং জনাব মোস্তফা কামাল মহীউদ্দিনকে সতর্ক করছে এবং ভবিষ্যতে এমন সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছে।রায় হুবহু প্রকাশ করার নির্দেশ: উভয়পক্ষকে আরও নির্দেশ দেওয়া হচ্ছে যে রায়ের নকল প্রাপ্তির তারিখ থেকে ৭ (সাত) দিনের মধ্যে উভয় পত্রিকায় এই রায় হুবহু প্রকাশ করবেন এবং রায় ছাপানো পত্রিকার কপি কাউন্সিলে দাখিল করবেন।(বিচারপতি বি. কে. দাস)চেয়ারম্যান(রিয়াজউদ্দিন আহমেদ) সদস্য (ইকবাল সোবহান চৌধুরী)সদস্য(শামসুজ্জামান খান)সদস্য(এম. শাহজাহান মিয়া)সদস্য (শ্রী কার্তিক চ্যাটার্জী) সদস্য