কালের কণ্ঠের সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা
কালের কণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক মোস্তফা কামাল মহিউদ্দিন, সম্পাদক আবেদ খান ও প্রতিবেদক শফিকুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে ২০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছেন একজন সাংসদ।মানহানির অভিযোগ এনে আজ মঙ্গলবার পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলা রনি ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেছেন।আদালত মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারি করেছেন এবং শুনানির জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করেছেন।মামলার অভিযোগে বলা হয়, গত ২৩ মে কালের কণ্ঠে ‘সবার ওপরে এমপি রনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, এমপি রনি হঠাৎ ক্ষমতা পেয়ে মানুষকে মানুষ মনে করছেন না। গলাচিপার দশমিনাকে তাঁর নিজের সম্পত্তি ও এলাকাবাসীকে নিজের প্রজা মনে করে যা খুশি করে যাচ্ছেন। তাঁর ক্ষমতার দাপটে শুধু এলাকাবাসী নয়, আওয়ামী লীগের নেতারাও অতিষ্ঠ। তারা এই রাহুর হাত থেকে মুক্তি চায়।প্রতিবেদনে আরও বলা হয়, রনির দাপট, মকবুল বাহিনীর নির্যাতন, দলীয় নেতা-কর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে ২৫টি মামলা, সরকারি জমি দখল, রনির অবৈধ আয়সহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বাদী পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, মানসিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।