কালের কণ্ঠের হলুদ সাংবাদিকতা, সতর্ক করলেন প্রেস কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে ঘিরে দৈনিক কালের কণ্ঠ যে অপসাংবাদিকতার পরিচয় দিয়েছে, তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। কালের কণ্ঠ পত্রিকা অহেতুক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষোদ্গার করে হলুদ সাংবাদিকতার প্রকাশ ঘটিয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের এক রায়ে এ কথা বলা হয়েছে।প্রথম আলোর সম্পাদকের করা মামলার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে প্রেস কাউন্সিল ১২ এপ্রিল (২০১১) এই রায় দিয়েছেন।রায়ে ভবিষ্যতে বিচারাধীন কোনো মামলা বা এমন সাক্ষীসাবুদ ছাড়া বা কোনো সূত্র ছাড়া কোনো তথ্য পত্রিকায় প্রকাশ থেকে বিরত থাকার জন্য কালের কণ্ঠকে সতর্ক করেছেন প্রেস কাউন্সিল। একই সঙ্গে কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক আবেদ খান ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দিনকে ভবিষ্যতে এমন সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে।প্রেস কাউন্সিল রায়ে বলেছেন, প্রথম আলোর সম্পাদক সম্পর্কে কালের কণ্ঠে প্রকাশিত তর্কিত সংবাদটি তথ্যনির্ভর নয়। এটি মিথ্যা, বানোয়াট ও কুৎসাপূর্ণ।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বাংলাদেশ প্রেস কাউন্সিলে মামলা করেন ২০১০ সালের ২৪ অক্টোবর। মামলার অভিযোগে বলা হয়, কালের কণ্ঠ পত্রিকা ১০ মে (২০১০) ‘হোতা তাজউদ্দিনকে বাঁচাতে চেয়েছিলেন মতিউর রহমান’ শিরোনামে আপত্তিকর, অসত্য ও বানোয়াট সংবাদ প্রকাশ করে তাঁর সুনাম, যশ ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করেছে। মতিউর রহমান সাংবাদিকতা পেশায় স্বনামধন্য ও সুপ্রতিষ্ঠিত একজন ব্যক্তি। বিশেষ একটি মহলের ইন্ধনে কালের কণ্ঠ পত্রিকায় অসত্য, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর ও কুৎসাপূর্ণ গালগপ্প ছেপে প্রথম আলো ও এর সম্পাদকের সুনাম, সুখ্যাতি ও নিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টাই কেবল করেনি, তাঁকে সামাজিক ও পারিবারিকভাবে অনাকাঙ্ক্ষিত বিরূপ ও বিড়ম্বনাকর পরিস্থিতিতে নিক্ষেপ করেছে। উক্ত সংবাদের কোনো বস্তুনিষ্ঠতা ছিল না বা তথ্য-উপাত্ত কিংবা সুস্পষ্ট সংবাদ উৎসের উল্লেখও করা হয়নি। সংবাদ ও সংবাদপত্রের নিয়মনীতির তোয়াক্কা না করে সংবাদের আদলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করে তাঁর প্রতি ব্যক্তিগত আক্রোশ ও বিষোদ্গার করেছে।রায়ে আশা প্রকাশ করা হয়, ভবিষ্যতে প্রেস কাউন্সিলে বিচারাধীন কোনো মামলার বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করে মামলাটিকে বিভ্রান্তিমূলক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কোনো গণমাধ্যম চেষ্টা করবে না। রায়ে উল্লেখ করা হয়, সাংবাদিক টিপু সুলতানকে জড়িয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে ঘিরে কালের কণ্ঠ যে অপসাংবাদিকতার পরিচয় দিয়েছে, তা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। কালের কণ্ঠ তার প্রতিবেদনের পক্ষে কোনো সাক্ষ্য প্রেস কাউন্সিলে পেশ করতে পারেনি।রায়ে বলা হয়, কাউন্সিল প্রথম আলোর আবেদন, কালের কণ্ঠর জবাব ও প্রথম আলোর প্রতি-উত্তর পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত মতিউর রহমান-সম্পর্কিত তথ্যের কোনো ভিত্তি বের করতে পারেননি। কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত মতিউর রহমান-সম্পর্কিত অভিযোগনামার কোনো তথ্য বা ভিত্তি আছে বলে এই কাউন্সিল মনে করেন না।রায়ে আরও বলা হয়, এই মামলার রায়ের নকল পাওয়ার তারিখ থেকে সাত দিনের মধ্যে উভয় পত্রিকায় রায় হুবহু প্রকাশ করে ছাপানো পত্রিকার কপি প্রেস কাউন্সিলে দাখিল করতে হবে।প্রেস কাউন্সিলের কাজবাংলাদেশ প্রেস কাউন্সিল গঠিত হয় ১৯৭৯ সালের ১৮ আগস্ট। কাউন্সিলের সদস্যসংখ্যা ১৫ জন। সুপ্রিম কোর্টের বিচারক পদে কর্মরত আছেন কিংবা যিনি সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার যোগ্যতা রাখেন, কেবল তিনিই প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হতে পারেন। রাষ্ট্রপতি তাঁকে মনোনয়ন দেন। অপর ১৪ জনের মধ্যে তিনজন হবেন কর্মরত সাংবাদিক; তিনজন সংবাদ সংস্থার সম্পাদক; তিনজন সংবাদপত্র ও সংবাদ সংস্থার মালিক বা ব্যবস্থাপক; তিনজন হবেন শিক্ষা, বিজ্ঞান, কলা, সাহিত্য ও আইন বিশেষজ্ঞ এবং দুজন হবেন সাংসদ। প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ বাংলাদেশের প্রেস কাউন্সিলের ওপর ১২টি দায়িত্ব অর্পণ করেছে।দায়িত্বগুলোর মধ্যে রয়েছে: সংবাদপত্র, সংবাদ সংস্থা বা সাংবাদিকের বিরুদ্ধে কেউ নালিশ করলে তার বিচার করা। অবশ্য স্বতঃপ্রণোদিত হয়েও কাউন্সিল সাংবাদিকতার নীতিভঙ্গজনিত অন্যায় তদন্ত করতে পারেন। তদন্তে দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত ব্যক্তি বা সংস্থাকে কাউন্সিল তিরস্কার, নিন্দা বা হুঁশিয়ার করতে পারেন।প্রেস কাউন্সিল তাঁর দায়িত্ব সম্পাদনকালে কিছু বিষয়ে দেওয়ানি আদালতের ক্ষমতা ও অধিকার ভোগ করেন। সাক্ষীদের সমন দেওয়া, কাউন্সিলে হাজির করা, জবানবন্দি গ্রহণ, দলিল তলব করা ও সেগুলো হাজির করতে বাধ্য করা, অ্যাফিডেভিটের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ, অফিস-আদালত থেকে সরকারি নথি তলব করা প্রভৃতি বিষয়ে প্রেস কাউন্সিলের অধিকার দেওয়ানি আদালতের সমান। প্রেস কাউন্সিলের কাজকে ‘বিচার কর্ম’ হিসেবে গণ্য করা হয়। সে কারণে প্রেস কাউন্সিলের সামনে কেউ মিথ্যা সাক্ষ্য দিলে তিনি দণ্ডনীয় অপরাধে অপরাধী হন। বিচার চলাকালে কাউন্সিলকে কেউ বাধা দিলে কাউন্সিল তাঁকে শাস্তি দিতে পারেন।প্রেস কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করা বা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না।সূত্র: বাংলাপিডিয়া