কালের সাক্ষী নূরজাহান বেগম
যুগের সাক্ষী তিনি। বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। ৮৫ বছর বয়সী নূরজাহান বেগম আজও যুক্ত আছেন বেগম-এর সঙ্গে। প্রায় ৬৩ বছর ধরে প্রকাশিত হচ্ছে এ পত্রিকাটি। আরও একটি নতুন বছর এল। কীর্তিমান এই মানুষের সঙ্গে কথা হয় সমাজে নারীর অগ্রগতি নিয়ে। এমন কিছু উল্লেখযোগ্য পরিবর্তন, যা তাঁর চোখে ধরা পড়েছে। গত কয়েক দশকে সামাজিকভাবে নারীর অবস্থান কেমন হয়েছে? তাঁর জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি এসব প্রশ্নের জবাব দিয়েছেন। কথা বলেছেন তাঁর বেগম পত্রিকা নিয়েও। নূরজাহান বেগমকে নিয়েই এবারের নারীমঞ্চের মূল প্রতিবেদনবেগম-এর শুরুঢাকার শরৎ গুপ্ত রাস্তার ৩৮ নম্বর বাড়িটি আজও স্বমহিমায় উজ্জ্বল। ইতিহাসকে ধারণ করে আছে যেন। এ বাড়িতেই প্রায় ৬৪ বছর ধরে থাকছেন নূরজাহান বেগম। মোহাম্মদ নাসিরউদ্দীন স্মৃতিভবনে কথা হয় বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের সঙ্গে। প্রায় ৬৩ বছর ধরে প্রকাশিত হচ্ছে তারই প্রতিষ্ঠিত বেগম পত্রিকা। ‘১৯৪৭ সালে প্রথম বেগম পত্রিকা প্রকাশিত হয়। তখন বেগম সুফিয়া কামাল ছিলেন এর সম্পাদক। আমার আব্বা মোহাম্মদ নাসিরউদ্দীন এর মূল উদ্যোক্তা। সওগাত পত্রিকায় নারীদের জন্য আলাদা একটা বিভাগ ছিল ‘জেনানা’। পরে আব্বা নারীদের জন্য আলাদা একটি পত্রিকা প্রকাশ করার প্রয়োজন অনুভব করেন। তাঁরই সহযোগিতা ও উদ্যোগে বেগম প্রকাশিত হয়। সুফিয়া কামাল প্রথম চার মাস সম্পাদক হিসেবে এর দায়িত্ব পালন করেন। দেশভাগের পর কলকাতা থেকে চলে আসতে হলো বাংলাদেশে। আমরা যারা সাখাওয়াত মেমোরিয়াল স্কুল ও লেডি বেবোর্ন কলেজে পড়তাম তারা সবাই মিলে বেগম-এর জন্য কাজ করেছিলাম। ঢাকায় এসে নারীদের ছবি আঁকতে, লেখার জন্য উৎসাহী করতাম, যাতে তাদের অংশগ্রহণ বাড়ে। যারা লেখা পাঠাত, তাদের ছবিও ছাপাতাম বেগম-এ। সেই সময়ে এটিই তো অনেক বড় পরিবর্তন, যার সুফল এখন নারীরা ভোগ করছেন। বেগম শামসুন নাহার মাহমুদ, বেগম সুফিয়া কামাল সমাজে নারী জাগরণের নতুন দিনের সূচনা করেছিলেন সে সময়। আমারও বয়স বেড়েছে। সেই সঙ্গে বেগমও পাড়ি দিয়েছে দীর্ঘ সময়।’বেগম-এর পরিবর্তনএই দীর্ঘ সময়ে একটি জায়গায় আবদ্ধ থাকেনি বেগম। সময়কে ধারণ করেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে এখনো। বড় পরিবর্তনটা হয়েছে এর আকারে। বেগম-এর শুরুতে পুরুষ সাহিত্যিক, লেখক, কবিরা লেখা পাঠাতেন। বেগমকে সমৃদ্ধ করতে। তবে এখন শুধু নারীরাই লেখালেখি করেন। একসময় নারী লেখকদের লেখা অনুবাদ করে, পেনসিলে আঁকা ছবি চায়নিজ কালির কলম দিয়ে পুনরায় একে ছাপানো হতো। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। কম্পিউটারে লেখেন নারীরা। আমরা ভালো গল্প, কবিতা পাচ্ছি। যদিও অর্থনৈতিক সমস্যায় পড়তে হয় মাঝেমধ্যে। কিন্তু বেগম-এর উদ্দেশ্যের কোনো পরিবর্তন হয়নি। নারী জাগরণ, নতুন লেখক সৃষ্টি, সাহিত্য ও সৃজনশীলতায় নারীকে উৎসাহী করাই ছিল মূল লক্ষ্য। আমরা তা করতে পেরেছি। বেগম-এর প্রথম দিকে বাড়িতে বাড়িতে গিয়ে লেখা, ছবি সংগ্রহ করেছি। আজ নারীরা নিজেই পাঠিয়ে দেন। এভাবেই তো নারীরা এগিয়ে যাচ্ছেন।যুগে যুগে নারীর অবস্থানের পরিবর্তনআমি মনে করি, নারীর সামাজিক অবস্থানের পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল যখন নারীরা পর্দা ছাড়া বের হতে পারতেন না। তাঁর নিজস্বতা বলতে কিছু ছিল না। বিয়ের আগেও স্বাধীনতা ছিল না। বিয়ের পর তো স্বামী, শ্বশুরবাড়ির কথামতো তাঁকে চলতে হতো। সেই অবস্থা থেকে নারীরা কিছুটা হলেও বের হয়ে আসতে পেরেছেন। নারী তাঁর নিজের যোগ্যতা দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন। সব পেশায় নারীর অংশগ্রহণ সমাজে বড় পরিবর্তন এনে দিয়েছে। আকাশপথ, নৌপথ ছাড়াও সব পেশাতেই তো তাঁরা রয়েছেন। তবে ফজিলাতুন্নেছা বিলেতে পড়তে যাওয়ার মধ্য দিয়েও নারী জাগরণ ঘটেছিল। তিনি এসেছিলেন আব্বার কাছে। সে সময় কোনো নারীর দেশের বাইরে পড়তে যাওয়ার অনুমতি ছিল না। আব্বা সে ব্যবস্থা করে দেন। মেয়েরা এখন হরহামেশা বাইরে পড়তে যাচ্ছে। উচ্চ ডিগ্রি নিয়ে দেশে ফিরছে। তার পরও আমার মনে হয় নারীকে আরও সুযোগ-সুবিধা দেওয়া উচিত। তাহলে সামাজিক উন্নয়ন দ্রুত ঘটবে। যোগ্যতার সুবিচার করতে হবে তাঁদের।তাঁর চোখে নারীর সেরা অগ্রগতিনারীর যেকোনো অগ্রগতি দেখলেই আনন্দ হয়। গত কয়েক দশকে সবচেয়ে বড় অর্জন হলো রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে নারীর ক্ষমতায়ন হয়েছে। এটি খুবই ইতিবাচক দিক। অনেক উন্নত দেশেও এমনটি দেখা যায়নি। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিবিদ হচ্ছেন তাঁরা। তাঁরা তাঁদের যোগ্যতা প্রমাণ করেই এই অবস্থানে এসেছেন, সেটি মেনে নিতে হবে। পরবর্তী সময় কাজ কেমন করছেন, সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে।যুগের পরিবর্তনকে মেনে নিতে হবে। এখন নারীদের জন্য প্রকাশিত পত্রিকাগুলোর মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। ভিন্ন ধারার আদর্শ, নতুন ধারণা, ছবিগুলোতেও নতুনত্ব রয়েছে। এসবকে সাদরে গ্রহণ করতে হবে।আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে শিক্ষাক্ষেত্রে। এ দেশের নারীদের মধ্যে শিক্ষিত হওয়ার আগ্রহ দেখেছি। লেখাপড়ার প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করেছে। তাদের পরিবারেও সেই জাগরণ হয়েছে। মা-বাবারাও চান তাঁদের মেয়েটিকে স্কুলে দিয়ে লেখাপড়া শেখাতে। বনেদি দরিদ্র পরিবারের মধ্যে ভেদাভেদ নেই তাতে। শিল্প, সাহিত্য, সাংবাদিকতাসহ বিভিন্ন ধরনের প্রকৌশলী পেশায় নারীর স্বতঃস্ফূর্ততা আনন্দ দেয়। আরও অবাক হয়ে যাই, যখন দেখি যুদ্ধক্ষেত্রেও আমাদের দেশের নারীরা তাঁদের যোগ্যতার প্রমাণ রাখতে পেরেছেন। এক প্রজন্মের অর্জন আরেক প্রজন্মের সামনে অগ্রগতির নতুন দ্বার খুলে দিয়েছে। আরও এগিয়ে যেতেদীর্ঘ জীবনের অভিজ্ঞতার আলোকে নূরজাহান বেগম বলেন, নারীকে আরও এগিয়ে যেতে হবে। সে জন্য সমাজের কিছু ভূমিকা রয়েছে। সমাজ থেকে কুসংস্কার, ধর্মান্ধতা একদম দূর করতে হবে। তবেই পুরোপুরি নারীমুক্তি হবে। যৌতুক প্রথা, বহুবিবাহ ও নারী নির্যাতন—এ তিনটি বিষয়ের ওপর সবচেয়ে জোর দিতে হবে। সমাজ থেকে যেদিন সম্পূর্ণভাবে এ সমস্যাগুলোর সমাধান করা যাবে, সেদিন নারীর আরেক বিজয় ঘটবে। যাঁরা সুযোগ পাচ্ছেন না, তাঁদের সেই সুযোগ করে দিতে হবে। আইনগত ও মানবিকতার উৎকর্ষ সাধন ঘটাতে হবে।নূরজাহান বেগম মনে করেন, একজন নারী তখনই এগিয়ে যান, যখন তাঁর চলার পথে পরিবারের সহযোগিতা ও সমর্থন থাকে। তিনি বলেন, বাবার সাহচর্যে আমি বড় হয়েছি। কাজ শিখেছি। সেই স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ করেননি আমার স্বামী। পারস্পরিক সমঝোতা ছিল আমাদের। একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তবেই তো এ দেশের প্রত্যেক মেয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে। দেশকে নিয়ে যাবে আরেক ধাপ এগিয়ে।