কালো টাকা আর কুৎসার জমজমাট অভিযোগ
কালো টাকা ও কুৎসার রাজনীতি জমে উঠলেও এর কোনো কিনারা হবে না। কারণ এ দুটি বিষয় রাজনৈতিক। তবে বলটি ঠেলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের দিকে। আপাতত কমিশন তা আমলে নিলেও, শেষ পর্যন্ত ফিরে যাবে রাজনীতির মাঠেই।দিল্লি থেকে নির্বাচন কমিশনের পুরো দল এখন কলকাতায়। দুটি নোটিশ পেন্ডুলামের মতো ঝুলছে। কিন্তু এতে কমিশনের নিরপেক্ষতা বজায় থাকলেও কালো টাকা কিংবা কুৎসা দুটোই থেকে যাবে অধরা। গতকাল বৃহস্পতিবার কলকাতায় এক প্রশ্নের জবাবে যুগ্ম নির্বাচন কমিশনার বললেন, কালো টাকা কিংবা কুৎসা কোনোটিই সরাসরি নির্বাচনী আইনকে লঙ্ঘন করছে না। সিপিআইএমের সাবেক সাংসদ অনিল বসু তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন উক্তি করার পর তাঁকে কারণ দর্শাতে বলেছে বামফ্রন্ট। তবে যুগ্ম নির্বাচন কমিশনার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, কোনো কুৎসা বা মানহানির ঘটনায় নির্বাচনী আইন নয়, আচরণবিধির ওপর ‘অবাঞ্ছিত প্রভাব’ পড়ে। অন্যদিকে কালো টাকা প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, সিপিআইএমের অভিযোগের ভিত্তিতে যদিও কমিশন তৃণমূল কংগ্রেস ও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু সেটাও কোনো নির্বাচনী আইনে বিচার্য নয়। যদিও ভোটের সময় যতটা সম্ভব, নগদ টাকার লেনদেন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল কমিশন। কিন্তু বাস্তবে যে অভিযোগ উঠেছে, তাতে রিজার্ভ ব্যাংকের (ভারতের কেন্দ্রীয় ব্যাংক) সাধারণ নিয়মের ব্যত্যয় ঘটে। উল্লেখ্য, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তারা দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ড্রাফটের মাধ্যমে এক কোটি ৩৩ লাখ টাকা দিয়েছে দুটি বিজ্ঞাপন সংস্থাকে। ব্যাংকে এ টাকা দেওয়া হয়েছে নগদে। বামফ্রন্ট বলেছে, কালো টাকা না হলে তারা এত বিপুল টাকা নগদে দিত না। নিয়ম মেনে চেকে দিত। এই টাকার বিষয়ে প্রয়োজনীয় দলিলপত্র নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে বামফ্রন্ট। গতকাল ভারতের প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি কলকাতায় এলে বামফ্রন্টের নেতা গৌতম দেব তাঁর সঙ্গে দেখা করেন। গৌতম সাংবাদিকদের সঙ্গে আগের মতো গতকালও জোর দিয়ে বলেন, কালো টাকার ওই ঘটনা তিনি যদি প্রমাণ করতে না পারেন, তাহলে জেল খাটতে প্রস্তুত আছেন। অন্যদিকে তিনি আরও একটি বিষয়ে জেল খাটতে রাজি। সেটিও উত্তাপ ছড়াচ্ছে। কিন্তু তারও কোনো গতি হবে বলে অনেকেই মনে করেন না। কারণ একটি ‘হায় হায় কোম্পানি’ কলকাতায় বহু দিন ধরে রমরমা ব্যবসা চালাচ্ছে। এখানে এটা ‘চিট ফান্ড’ বলে পরিচিত। মানুষের কাছ থেকে ১০০ টাকা নিয়ে ৫০০ বা তারও বেশি টাকা মুনাফা দেওয়ার কথা বলে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। কয়েক দশক ধরে তথাকথিত এই বিনিয়োগকারীরা চুটিয়ে ব্যবসা করছে। ইদানীং এই গোষ্ঠী মিডিয়ার দিকে নজর দিয়েছে। সম্প্রতি দুটি টিভি চ্যানেল ও দুটি সংবাদপত্রের মালিকানা একদিনে বদল হয়েছে। ওই কোম্পানির পরিচালনা পর্ষদ এমন এক ব্যক্তিকে প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত করেছে, যিনি তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যয়ের ঘনিষ্ঠ। বাম নেতারা এখন বলছেন, তাঁরা কয়েক দিনের মধ্যে ওই চিট ফান্ডের গুমর ফাঁস করে দেবেন। কিন্তু সমালোচকেরা বলেছেন, চিট ফান্ড পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে রমরমা ব্যবসা করছে। বহু লোকের আত্মহত্যার ঘটনাও ঘটেছে। তখন বাম সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি। আর এখন যে-ই বিষয়টি তাদের স্বার্থের বাইরে চলে যাছে, তখনই তারা প্রতিবাদে সরব হয়েছে।