কালো টাকা বিনিয়োগের সুবিধা না দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটে শেয়ারবাজারসহ অন্য যেকোনো বিনিয়োগে কালো টাকা সাদা করার সুবিধা না দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির অভিযোগ, শেয়ারবাজার লুটপাটের সঙ্গে যারা জড়িত, তারাই এখন কালো টাকা সাদা করার ব্যবস্থা বহাল রাখতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে বিএনপির অবস্থান তুলে ধরতে গিয়ে এসব কথা বলা হয়। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে ‘২০১১-১২ সালে বাজেট সম্পর্কে বিএনপির কিছু মন্তব্য’ শীর্ষক বক্তব্য তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, শতকরা ১০ ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার বিধান সম্পূর্ণ অনৈতিক।লিখিত বক্তব্যে এম কে আনোয়ার বলেন, এক লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বিশাল বাজেট দেশের প্রয়োজনের নিরিখে উচ্চাকাঙ্ক্ষী নয়। তবে এ বাজেটের জন্য সম্পদ আহরণের যে চিত্র দেওয়া হয়েছে, তা বাস্তবসম্মত নয়। তিনি বলেন, সার্বিক দিক বিশ্লেষণ করে বলা যায়, এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। এর অর্থায়ন অনিশ্চিত। বাজেট জনবান্ধব ও বিনিয়োগবান্ধবও নয়। এটি একটি দিকনির্দেশনাহীন অনিশ্চিত পথে যাত্রার ভুল ও বিভ্রান্তিকর সংকেতের দলিল মাত্র।দলের বক্তব্য সংসদে গিয়ে দিচ্ছেন না কেন, এমন প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংসদে সরকারি দলের সদস্য এমনকি প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়া সম্পর্কে অকথ্য ভাষায় গালাগাল করেন। বিএনপি এতে অভ্যস্ত নয়। বিএনপির নেতারা কিছু বলতে চাইলে তখন শারীরিকভাবে পর্যন্ত হেনস্তা করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকার-দলীয়দের বক্তব্যে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নাম যেখানে আসে, সেখানে আপনারা আপনাদের কোনো প্রিয় মানুষ, বাবা, মা বা অন্য কারও নাম বসিয়ে দেখুন ওই বক্তব্য সহ্য করতে পারেন কি না।’ভারতকে ট্রানজিট দেওয়া প্রসঙ্গে এম কে আনোয়ার বলেন, বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। তবে তা হতে হবে সমঝোতার ভিত্তিতে। ট্রানজিট দিলে বাংলাদেশ কতটা লাভবান হবে, নিরাপত্তা বিঘ্নিত হবে কি না, এ দেশের মানুষের মনোভাব সম্পর্কে আগে জরিপ চালাতে হবে। কিন্তু সরকার তা করছে না। তবে ‘সরকারমুখী প্রতিষ্ঠান’ সিপিডি ট্রানজিটের বিপক্ষে বলেছে। তিনি প্রশ্ন করেন, বাংলাদেশ যা কিছু ছিল তার সবটাই ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। বিনিময়ে বাংলাদেশ কী পেয়েছে?বাজেটের এই প্রতিক্রিয়া আরও আগে কেন জানানো হয়নি প্রশ্ন করা হলে বিএনপি নেতা বলেন, সরকার দেশে অস্থিরতা সৃষ্টি করে রেখেছে। এ জন্য বিলম্ব হয়েছে। তবে এখনো সময় আছে। বিএনপির বক্তব্য থেকে কিছু নেওয়ার ইচ্ছা থাকলে সরকার তা নিতে পারে। তিনি বলেন, বাজেটের প্রতিটি পরতে পরতে মিথ্যাচার করা হয়েছে। জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে। পরিসংখ্যান কারচুপির মাধ্যমে উচ্চতর প্রবৃদ্ধির হার দেখানো হয়েছে।এম কে আনোয়ার বলেন, এই বাজেটের পর কম মূল্যে খাদ্যপণ্য কেনার আর কোনো সুযোগ থাকছে না। জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে, বিদ্যুতেরও দাম বাড়ছে, কৃষিতে ভর্তুকি কমানো হয়েছে। ফলে সাধারণ মানুষকে আগামী অর্থবছরে আরও বেশি টাকা ব্যয় করতে হবে খাদ্যপণ্য কেনার জন্য। মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রায় অন্যান্য ব্যয়ও বাড়বে। তিনি আয়কর সীমা তিন লাখ টাকায় নির্ধারণ, এসএমই খাতে টার্নওভার ৬০ লাখ থেকে বাড়িয়ে এক কোটি টাকা করা, লাভ-লোকসান নির্বিশেষে বছর শেষে প্রতিষ্ঠানের মোট প্রাপ্তির দশমিক ৫০ শতাংশ কর দেওয়া বাতিল, সঞ্চয়পত্রের উৎসে কর হ্রাসের প্রস্তাব করেন।সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, সাবিহউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।