কালো টাকা সাদা করায় রাজস্ব এসেছে ১২১ কোটি টাকারও বেশি
কালো টাকার মালিকেরা শুরুতে অনীহা দেখালেও শেষ পর্যন্ত অর্থ সাদা করার সুযোগ ভালোই কাজে লাগিয়েছেন তাঁরা। সদ্যসমাপ্ত অর্থছরের বাজেটে সুনির্দিষ্ট তিনটি খাতে বিনিয়োগের শর্তে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রায় এক হাজার কোটি টাকা বৈধ করে নিয়েছেন কালো টাকার মালিকেরা।আর এর মাধ্যমে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১২১ কোটি টাকারও বেশি। রাজনৈতিক সরকার ব্যবস্থায় অর্জিত এ আয়কে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সন্তোষজনক বলেই মনে করছে।আজ মঙ্গলবার এনবিআরের সম্মেলন কক্ষে বিদায়ী অর্থবছরের রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়। এ সময় জানানো হয়, সদ্যসমাপ্ত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়েও এক হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৬২ হাজার সাত কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০১ দশমিক ৬৫ শতাংশ বেশি। আগের অর্থবছরের চেয়ে এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৮ শতাংশের মতো।এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘অর্থবছরের এ তথ্য সাময়িক। এখনো চূড়ান্ত হিসাব পাওয়া যায়নি। আশা করছি, সব তথ্য পাওয়া গেলে রাজস্ব আদায়ের পরিমাণ আরও বাড়বে।’