কালো টাকা সাদা করার বিপক্ষে এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে কালো টাকাকে সাদা করতে সরকারের দেওয়া সুযোগের বিরোধিতা করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের সভাপতি এ কে আজাদ বলেছেন, ‘পত্রিকা মারফত জেনেছি ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয়কে সাদা করার সুযোগ দিতে যাচ্ছে সরকার। ভবিষ্যতের জন্য তা ভালো হবে না। বৈধ কর দাতারা এতে নিরুত্সাহ হবেন। অপ্রদর্শিত আয়কে যদি সাদা করার সুযোগ দিতেই হয়, তাহলে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে এ সুযোগ দেওয়া উচিত। আমি সরকারকে কাছে সে প্রস্তাব করছি।’ আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৩তম সভায় এ কে আজাদ এসব কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই যৌথভাবে এ সভার আয়োজন করে।পুঁজিবাজার সম্পর্কে এ কে আজাদ বলেন, কিছু রাঘব বোয়াল নিঃসন্দেহে পুঁজিবাজার ধ্বংস করেছে। অনেকেই বাবার পেনশনের টাকা, জমি বন্দক রেখে, বোনের কাছ থেকে টাকা ধার করে শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন। কিছু লোক এটিকে নিঃসন্দেহে ধ্বংস করেছে। তাঁরা নিজেদের হিসাবকে ফুলিয়ে-ফাঁপিয়ে বাড়িয়ে (ব্যালান্সশিটকে ইনফ্লেটেট) দেখিয়েছেন। লোকসানি প্রতিষ্ঠানকে লাভজনক দেখিয়েছেন । তাঁরা যেসব শেয়ার ৩০০ টাকায় বিক্রি করেছেন, এখন সেসব শেয়ারের দাম ৫০ টাকা।‘তাই ওই সব রাঘব বোয়ালকে এই শেয়ার ৩০০ টাকা দিয়ে কেনার জন্য আইন করার প্রস্তাব করছি।’ আজাদ আরও বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে এখন পর্যটন শিল্প বিকশিত হচ্ছে না। যেসব পর্যটক সাত দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন, হরতালের কারণে তাঁরা দুই দিনেই বাংলাদেশ ছাড়ছেন। এমন পরিস্থিতিতে সভায় উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি ইঙ্গিত করে আজাদ বলেন, ‘আপনি সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। সংঘাতময় রাজনীতি থেকে বেরিয়ে আসতে আপনি উদ্যোগ নেবেন বলে আশা করছি।’সভায় প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রীর পাশাপাশি এনবিআরের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ রয়েছেন।