কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার দাবি
বাজেট পাসের আগেই কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাব প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এ দাবি জানান।মওদুদ আহমদ বলেন, বিএনপির সময়ও কালো টাকা সাদা করার সুযোগ ছিল। কিন্তু তা ছিল নির্দিষ্ট ক্ষেত্রে। কিন্তু এখন এটি উন্মুক্ত করে দেওয়ার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। বিএনপির এই নেতার অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ সাড়ে তিন বছরে ‘কালো টাকার পাহাড় গড়েছেন’, এ টাকা সাদা করার জন্যই এ সুযোগ রাখা হয়েছে।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে মওদুদ বলেন, একগুঁয়েমির কারণে গণতন্ত্র ব্যাহত হলে আওয়ামী লীগই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাঁর মতে, নেতা-কর্মীদের উজ্জীবিত রাখার জন্যই প্রধানমন্ত্রী দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার কথা বারবার বলছেন। প্রধানমন্ত্রীও জানেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দিতে হবে। মওদুদ বলেন, একটা সময় আসবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য সংবিধান সংশোধন করতে হবে।জাতীয় নাগরিক সংসদ নামের একটি সংগঠন ‘নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও বাস্তবতা’ শীর্ষক ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে।অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবউল্লাহ, আয়োজক সংগঠনের সভাপতি খালেদা ইয়াসমিন প্রমুখ আলোচনায় অংশ নেন।