কালো টাকা সাদা করার সুযোগে তেমন সাড়া নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো টাকার মালিকেরা অর্থ সাদা করতে এবার আর তেমন আগ্রহ দেখাচ্ছেন না। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে সামান্য অর্থই বৈধ হয়েছে। সরকারও এতে রাজস্ব পেয়েছে অতি সামান্য।চলতি ২০০৯-১০ অর্থবছরের বাজেটে সুনির্দিষ্ট তিনটি খাতে বিনিয়োগের শর্তে অপ্রদর্শিত অর্থ বৈধ বা কালো টাকা সাদার করার সুযোগ দেওয়া হয়েছিল। গত ৩১ মার্চ পর্যন্ত মাত্র ৫৩ জন ব্যক্তি ৪৭ কোটি ২৫ লাখ টাকা বৈধ করেছেন। এর মাধ্যমে সরকারের রাজস্ব আদায় হয়েছে চার কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মনে করছে, এবার বিনিয়োগের খাত নির্দিষ্ট করে দেওয়ায় অনেকেই টাকা বৈধ করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না। তা ছাড়া আগের দুই বছর যে পরিস্থিতিতে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল, সে পরিস্থিতিও এখন নেই। এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেন, পরবর্তী দুই মাসে টাকা বৈধ করার হার বাড়বে। কারণ, করদাতারা সাধারণত শেষ সময়ে এ ধরনের সুযোগগুলো কাজে লাগান। রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে গতকাল মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন। এ বছর অপ্রদর্শিত অর্থ বৈধ করার ক্ষেত্রে সাড়া না পাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এর একটা বড় কারণ হতে পারে পরিবেশ। তত্ত্বাবধায়ক সরকারের সময় যে পরিবেশে এ সুযোগ দেওয়া হয়েছিল, তখন হয়তো অনেকে ভেবেছিলেন, সরকার যেহেতু একটা সুযোগ দিয়েছে, সেটা গ্রহণ করাই ভালো। তা না হলে ধরা পড়লে শাস্তির মুখোমুখি হতে হবে। এখনকার পরিবেশ অপ্রদর্শিত অর্থের মালিকদের কাছে হয়তো তেমন মনে হচ্ছে না। আরেকটি কারণ হতে পারে, তাঁরা অপ্রদর্শিত আয় ঘোষণা করার চেয়ে দেশের বাইরে টাকা পাঠানোকেই নিরাপদ মনে করছেন। মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘এ সুযোগটি যখন দেওয়া হয়েছিল, তখনই আমি এর বিরোধিতা করেছিলাম। আমাদের সময় যে সুযোগ দেওয়া হয়েছিল, তার থেকে এবারের সুযোগের অনেক পার্থক্য রয়েছে। ওই সময় কেবল বৈধভাবে উপার্জিত আয়কে নির্ধারিত হারে কর ও জরিমানাসহ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এবার মাত্র ১০ শতাংশ কর দেওয়ার শর্তে ঢালাওভাবে সুযোগ দেওয়া হয়েছে।’ মির্জ্জা আজিজুল আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ তেমন কার্যকর হবে না। তাই নৈতিকতা-বিবর্জিত এ সুযোগ আর কোনোভাবেই দেওয়া উচিত নয়। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, কালো টাকার মালিকেরা জানেন, সরকারকে আবারও এ সুযোগ দিতে হবে। কারণ, তাঁদের সঙ্গে রাখতে হলে সুযোগ না দিলে চলবে না। এ জন্যই তাঁদের মধ্যে আগ্রহ কম থাকাটাই স্বাভাবিক। মোজাফ্ফর বলেন, এটা বুঝতে হলে রাজনৈতিক অর্থনীতিটা আগে বোঝা দরকার। কারণ, রাজনৈতিক অর্থনীতিটা এখন অর্থনীতির চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগে আওয়ামী লীগ কৃষক, শ্রমিক, নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের দল ছিল। কিন্তু এখন আওয়ামী লীগ বলি আর বিএনপির কথাই বলি, সবাই বিত্তশালীদের দল হয়ে গেছে। আর বিত্তশালীরা বিপুল পরিমাণ কালো টাকা উত্পাদন করছেন। এর কিছু হয়তো দেশের বাইরে যাচ্ছে। কিন্তু দেশে যেটা থাকছে, সেটা সাদা করার জন্যই সরকারগুলো বারবার এ সুযোগ দিচ্ছে। মোজাফ্ফর আহমদ বলেন, গত বছর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সরকারকে বলেছিল, এবারের মতো সুযোগ দিয়ে বন্ধ করে দিতে। কিন্তু এবারও তারা এ সুযোগ চাইছে। কোন খাতে কত টাকা বৈধ হলো: চলতি অর্থবছরের বাজেটে নতুন শিল্প ও ভৌত অবকাঠামো নির্মাণ, পুরোনো শিল্পের পুনর্গঠন ও সম্প্রসারণ এবং পুঁজিবাজারে বিনিয়োগের শর্তে ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়। এ ছাড়া ফ্ল্যাট বা বাড়ি তৈরির জন্য বিনিয়োগের ক্ষেত্রে এলাকা ভিত্তিতে আয়তন ও পরিমাপের ওপর নির্দিষ্ট হারে কর দিয়ে অর্থ বৈধ করার সুযোগ রয়েছে। এনবিআর জানায়, নতুন শিল্প ও ভৌত অবকাঠামো নির্মাণ খাতে বিনিয়োগ দেখিয়ে টাকা বৈধ করেছেন ছয়জন। সম্মিলিতভাবে তাঁদের প্রদর্শিত অর্থের পরিমাণ ১৩ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৪৯২ টাকা। এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে এক কোটি ৩৫ লাখ টাকার মতো। পুরোনো শিল্প পুনর্গঠন ও সম্প্রসারণে দুজন ব্যক্তি ১১ কোটি টাকা বিনিয়োগ দেখিয়েছেন। তাঁরা কর দিয়েছেন এক কোটি ১০ লাখ টাকা। সবচেয়ে আলোচিত খাত পুঁজিবাজারে বিনিয়োগ করে অপ্রদর্শিত অর্থ বৈধ করেছেন মাত্র ১৬ জন। তাঁরা ১৭ কোটি আট লাখ ৭৪ হাজার টাকা বিনিয়োগ করেছেন। এ খাত থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে এক কোটি সাত লাখ ৮৭ হাজার টাকা। ফ্ল্যাট বা বাড়ি কিনে টাকা বৈধ করার সুযোগ নিয়েছেন ২৯ জন। এ খাতে মোট পাঁচ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকা বৈধ করা হয়েছে, যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৬৭ লাখ ৭৫ হাজার টাকা। আগের যত সুযোগ: এর আগে ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে তত্ত্বাবধায়ক সরকার অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দিয়েছিল। নির্ধারিত আয়কর পরিশোধ এবং তার ওপর সাত শতাংশ হারে জরিমানা দেওয়ার শর্তে চার মাসের জন্য এ সুযোগ দেওয়া হয়। এ সময় মোট ১৪ হাজার ৬২২ জন করদাতা সুযোগটি গ্রহণ করেন। তাঁরা মোট ৭৮৮ কোটি টাকার অপ্রদর্শিত আয় ঘোষণা করেন, যার মাধ্যমে জরিমানাসহ সরকারের রাজস্ব আদায় হয় ১০৮ কোটি টাকা। বাজেটের কয়েক মাস আগে একই ধরনের আরেকটি সুযোগ দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। ওই সুযোগ নিয়ে ৪২ হাজার ৫৯১ জন করদাতা আট হাজার ৮৯৫ কোটি টাকার অপ্রদর্শিত আয় ঘোষণা করেছিলেন। আর এর মাধ্যমে সরকারের রাজস্ব আদায় হয়েছিল ৮০৩ কোটি টাকা।এবার নিয়ে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে বাজেটে ঘোষণা দিয়ে মোট আটবার অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। এর মধ্যে ২০০৫-০৬ অর্থবছরে সাড়ে সাত শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ ছিল সবচেয়ে আলোচিত। সে সময়ে চার হাজার ৬০৩ কোটি কালো টাকা সাদা হয় আর সরকার কর পায় ৩৪৫ কোটি টাকা। তার আগে যে ছয়বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয় তাতে মাত্র তিন হাজার ৬৯৫ কোটি টাকা সাদা হয়েছে। আর সরকার কর হিসেবে পেয়েছে মাত্র ২১৬ কোটি টাকা। এ অর্থ খুবই অনুল্লেখযোগ্য বলেই মনে করেন অর্থনীতিবিদেরা।