কালো টাকা সাদা করে রাষ্ট্রই দুর্নীতির ব্যবস্থা করে দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান কালো টাকা সাদা করা প্রসঙ্গে বলেছেন, ‘এই রাষ্ট্র গরিবের বা কৃষকের রাষ্ট্র নয়।’আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্য অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলন আয়োজিত ‘খাদ্য অধিকারের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক সেমিনারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এসব কথা বলেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা অনেক যুদ্ধ করে অনেক রক্তের বিনিময়ে ১৯৭১ সালে এদেশ স্বাধীন করেছি। এর মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে আমরা যে চুক্তি করেছি, সে চুক্তি অনুযায়ী রাষ্ট্রকে তার দায়িত্বগুলো পালন করতে হবে। এখানে এমন কোনো নাগরিক থাকবে না, যে অভুক্ত অবস্থায় থাকবে। রাষ্ট্রকে তার দায়িত্ব পালনে বাধ্য করার জন্য আমাদের অধিকার আন্দোলন করা ছাড়া কোন গতি নেই।’অনুষ্ঠানে মিজানুর রহমান আরও বলেন, ‘রাষ্ট্র যখন দুর্নীতির আশ্রয় দিচ্ছে, তাহলে কীসের দুর্নীতি বিরোধী কথা, কীসের দুর্নীতিবিরোধী অভিযান? তাহলে ১৯৭১ সালে রাষ্ট্র সকল নাগরিকের সঙ্গে যে চুক্তি করেছে, এর মাধ্যমে সেই চুক্তির সঙ্গে বরখেলাপ করা হয়েছে।’অতিথি আলোচকের বক্তব্যে বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, সারা দেশে প্রায় আট লাখ লোক তিন বেলা ঠিকমতো খেতে পারে না। ঢাকায় এই সংখ্যা দেড় লাখের মতো। তিনি আরও বলেন, কর আদায়ের ক্ষেত্রে অনেক ফাঁকফোকর রয়েছে। সেসব বন্ধ করে এই অর্থ দিয়ে অভাবী মানুষের নিরাপত্তা জোরদার করতে হবে।আইনজীবী সারা হোসেন বলেন, সড়ক নিরাপত্তা নিয়ে সরকারের মাথাব্যাথা নেই। দিনে দিনে অনেক আইন সংশোধন করা হয় কিন্তু সড়ক দুর্ঘটনায় জড়িতদের শাস্তির বিষয়ে আইন অনেক দিন ধরেই সংশোধন হয় না।অনুষ্ঠানে মুক্ত আলোচক হিসেবে ছিলেন খাদ্য অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলনের স্থায়ী কমিটির সদস্য মনোয়ার মোস্তফা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক নেতা রাজেকুজ্জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব হোসেন প্রমুখ। সেমিনারের সঞ্চালনা করেন খাদ্য অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলনের স্থায়ী কমিটির সদস্যসচিব জাকির হোসেন।