কালো টাকার প্রধান উৎস ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন নথি ফাঁস করে বিশ্ব তোলপাড় করা ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, সুইজারল্যান্ডের ব্যাংকগুলো ভারতীয় রাজনীতিক ও ব্যবসায়ীদের কালো টাকায় সয়লাব হয়ে গেছে। পৃথিবীর অন্য যেকোনো দেশের চেয়ে ভারতের কোটিপতিরা এসব ব্যাংকে অনেক বেশি কালো টাকা জমা রাখছেন। অচিরেই এসব লোকের নামসহ তাঁদের হিসাবের বিবরণ প্রকাশ করা হবে। ভারতের সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘টাইমস নাউ’-এর প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। অ্যাসাঞ্জ বলেন, সুইস ব্যাংকগুলোতে পৃথিবীর যত ধনকুবেরের হিসাব রয়েছে, সেসব হিসাবের নথিপত্র ও বিস্তারিত বিবরণ তাঁদের হাতে এসেছে। সেগুলো অচিরেই প্রকাশ করা হবে। তবে তার আগে কয়েকটি পেশাদার সংস্থাকে নিয়ে নথিপত্রগুলো যাচাই-বাছাই করা হতে পারে।অ্যাসাঞ্জ বলেছেন, তিনি নিজে ব্যাংক হিসাবধারীদের তালিকা দেখেছেন। সেখানে তিনি বহু ভারতীয় কোটিপতির নাম দেখতে পেয়েছেন। তবে অনিবার্য কারণে এখনই নামগুলো তিনি প্রকাশ করতে পারছেন না। তিনি বলেন, সুইস ব্যাংকের হিসাবধারী কালো টাকার মালিকদের রুখতে এবং পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সম্প্রতি জার্মানিকে যতখানি তৎপর হতে দেখা গেছে ভারতকে ততটা তৎপর মনে হচ্ছে না। ভারত সরকারের এই গা-ছাড়া ভাব তাঁকে বিস্মিত করেছে। তিনি বলেন, জার্মানির চেয়ে ভারতের বেশি তৎপর হওয়া উচিত। কারণ তাদের চেয়ে ভারত অনেক বেশি রাজস্ব হারাচ্ছে। এসব কালো টাকা ভারতের মতো একটি বিশাল দেশের অর্থনীতিকে ঝাঁকুনি দিতে, এমনকি দেশটির সরকারকে সফল অথবা ব্যর্থ প্রমাণ করার ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে। টাইমস অব ইন্ডিয়া।