কালো টাকার মালিকদের কর আইনে শাস্তি চায় সিপিডি
কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পরও যাঁরা সেই সুযোগ কাজে লাগাননি, তাঁদের কর আইনের আওতায় শাস্তি দেওয়ার কথা বলেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘কালো টাকার মালিকদের জন্য কর আইনে শাস্তির বিধান রাখতে হবে। আর তা বাস্তবায়ন করতে যুগোপযোগী কর আইন প্রণয়নের পাশাপাশি দরকার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনবল বাড়ানো।’ এরই অংশ হিসেবে ২০১০-১১ অর্থবছরের রাজস্ব ব্যবস্থাপনাকে শক্তিশালী করা মূল চ্যালেঞ্জ হবে বলেও মনে করে সিপিডি।সিপিডি বলেছে, কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার আর কোনো মানে হয় না। কারণ, বিষয়টি আর্থিক ও নৈতিক—দুই দিক থেকেই অনাকাঙ্ক্ষিত। এ ছাড়া বারবার সুযোগ দেওয়ার ফলে সৎ করদাতারা নিরুৎসাহিত হন। ২০০৯-১০ অর্থবছরের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আগামী অর্থবছরের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে সিপিডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল রোববার এসব কথা বলা হয়। চলতি অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, শক্তিশালী রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলাসহ নতুন অর্থবছরের জন্য সরকারের সামনে আটটি চ্যালেঞ্জ রয়েছে। অন্য সাতটি হলো: নীতি ও অর্থব্যয়ের বাস্তবায়ন-দক্ষতা বাড়ানো, মূল্যের দিক থেকে পণ্যের উৎপাদক ও ভোক্তার মধ্যে ভারসাম্য বজায় রাখা, বিদ্যুৎ উৎপাদন ও শেয়ারবাজার থেকে রাজস্ব সংগ্রহে অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ও ১০ বছর মেয়াদি পরিপ্রেক্ষিত পরিকল্পনার উদ্দেশ্যের সঙ্গে সংগতি রেখে বাজেট প্রণয়ন, অর্থনৈতিক সুশাসনের উন্নয়ন ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো।সিপিডি বলেছে, গত ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো রপ্তানি খাতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে এবার। তৈরি পোশাক ছাড়াও নতুন কয়েকটি খাত উঠে আসছিল, কিন্তু বিশ্বমন্দার কারণে তা পিছিয়ে পড়েছে। বিদেশে শ্রমশক্তি রপ্তানিও কমে যাচ্ছে, যা বাড়তি চাপ তৈরি করছে অভ্যন্তরীণ শ্রমবাজারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে ঠিকই, কিন্তু অনেক দেশ রিজার্ভ ব্যবহার করে আয় করে। আমরা তা পারছি না। বক্তব্যের শুরুতেই রাজধানীর নিমতলী ট্র্যাজেডির জন্য সমবেদনা ও শোক প্রকাশ করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। তারপর দেশের অর্থনীতির পরিস্থিতির ওপর পর্যালোচনা তুলে ধরেন। এ সময় সিপিডির অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন, সিনিয়র রিসার্চ ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম, রিসার্চ ফেলো এম মাসুদুর রহমানসহ অন্যান্য গবেষকও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।সামস্টিক অর্থনীতি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য উল্লেখ করে সিপিডির নির্বাহী পরিচালক জানান, চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার দাঁড়াবে ৫ দশমিক ৫ শতাংশ। চার বছর ধরেই জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে বলা হয়, এবার সেবা খাতের অবদান কিছুটা বাড়লেও কর্মসংস্থান যেখানে বেশি হয়, সেই কৃষি ও শিল্প খাতের প্রবৃদ্ধি কমবে উল্লেখযোগ্য হারে। আর নিকট অতীতের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা শিল্প খাতে, যার প্রবৃদ্ধি হচ্ছে মাত্র ছয় শতাংশ। অথচ ২০০৬-০৮ অর্থবছরে গড়ে তা নয় শতাংশের বেশি ছিল। কৃষি খাতের প্রবৃদ্ধিও আগেরবারের ৪ দশমিক ১ থেকে তিন শতাংশে নেমে আসবে। এ বছর আয়কর ও প্রত্যক্ষ করের অর্জন ভালো হয়েছে। তবে এনবিআরবহির্ভূত কর আদায় হচ্ছে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রার চেয়ে তিন শতাংশ বা দুই হাজার ৪০০ কোটি টাকা কম। তবে রাজস্ব ঘাটতি পাঁচ শতাংশের মধ্যেই থাকবে, যা স্বস্তিদায়ক বলে মনে করে সিপিডি। সিপিডির মতে, সরকারি, বেসরকারি ও সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই)—সবগুলোর অবস্থাই খারাপ। জিডিপির তুলনায় মোট বিনিয়োগ এখনো ২৪ শতাংশেই আটকে রয়েছে। দক্ষতা বাড়ছে না বাজেট বাস্তবায়নেরও। অথচ বাজেট বাস্তবায়নের জন্যই মধ্য মেয়াদি বাজেটকাঠামোর (এমটিবিএফ) আওতায় নিয়ে আসা হয়েছিল ২০ মন্ত্রণালয়কে। ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার ৫৯ শতাংশ হলেও ২০ মন্ত্রণালয়ের হার ৫৬ শতাংশ। শুধু এডিপি নয়, এডিপিবহির্ভূত ব্যয়ের দক্ষতাও দিন দিন কমছে। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) জন্য নীতিমালা চূড়ান্ত করার আগে স্বচ্ছতা ও জবাবদিহিতার সুস্পষ্ট ধারণা এতে থাকতে হবে বলে মন্তব্য করেছে সিপিডি। আপাতত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উদ্যোগ নেওয়া হলেও খরচ কমানোর জন্য পরে তা কয়লাভিত্তিক করা হবে—সরকারি এই পরিকল্পনা বাস্তবায়নে আগামী বাজেটেই নির্দেশনা থাকা দরকার বলে মনে করে সিপিডি। সে ক্ষেত্রে কয়লা কি আমদানি করা হবে না বড়পুকুরিয়া খনি থেকে তোলা হবে, তা বাজেটে আসতে হবে উল্লেখ করে সিপিডি বলছে, এই পরিকল্পনা বাস্তবায়নে যে বড় অঙ্কের ভর্তুকি দরকার তা মাথায় রাখতে হবে সরকারকে। ভর্তুকির অর্থ কোত্থেকে আসবে, তারও পরিকল্পনা করা চাই এখনই। খাদ্যনিরাপত্তা বিষয়ে সিপিডি বলেছে, কৃষিতে নানা প্রণোদনা দেওয়ায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আসছে। চাল ছাড়া অন্য পণ্য উৎপাদনের দিকেও নজর দেওয়া দরকার বলে মনে করে সিপিডি। কর্মসৃজন কর্মসূচিতে স্থানীয় এনজিওদের সম্পৃক্ত করার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। এ ব্যাপারে ভারতের উদাহরণ সামনে রেখে আইন করা যেতে পারে বলে উল্লেখ করেছে সিপিডি।সিপিডি আরও বলেছে, দুই বছরের জন্য ন্যাশনাল সার্ভিসের আওতায় কিছু প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়ার কর্মসূচি চালু করা হলেও দুই বছর পরে কী হবে, তা ভাবতে হবে সরকারকে। অভুক্ত থাকলে শিক্ষা নেওয়া যায় না উল্লেখ করে সিপিডি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু করার পরামর্শ দিয়েছে। সিপিডি বলেছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাড়ায় ভবিষ্যতে খাদ্য মূল্যস্ফীতি বাড়তে পারে।