কালো হলেই র্যাব নয়
কালোর ওপর হলুদ বর্ণে ‘র্যাব’ লেখা জ্যাকেট, কালো চশমা, কালো রঙের গাড়ি, ওয়াকিটকি, হাতকড়া সবই আছে। কিন্তু মানুষগুলো প্রতারক। কখনো র্যাব, আবার কখনো গোয়েন্দা পুলিশ পরিচয়ে লোক ঠকানোই এদের পেশা।র্যাব-৩-এর মেজর রেদওয়ানুল ইসলাম ও ক্যাপ্টেন রিয়াজ শাহরিয়ারের নেতৃত্বে একটি দল গতকাল সোমবার দুপুরে এ রকম আট প্রতারককে গ্রেপ্তার করেছে। মতিঝিল ও আশপাশের এলাকায় এরা র্যাব বা ডিবি পরিচয় দিয়ে ব্যবসায়ীদের তুলে নিয়ে ভয় দেখিয়ে টাকা লুটে নিচ্ছিল। এদের কাছ থেকে একটি কালো রঙের নিশান ক্যারাভান মাইক্রোবাস, র্যাব লেখা একটি জ্যাকেট, একটি ওয়াকিটকি সেটসহ অনেকগুলো মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন দলনেতা শফিক (৩৮), নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পেটি অফিসার আবদুল কাদের (৫৩), আরমান ভূঁইয়া (২৮), নুর মিয়া (৩৫), ইসমাইল হাওলাদার (২৭), জহির (৩০), শামিম রেজা ওরফে আলমগীর (৩৭) ও নুরুল ইসলাম (৩৫)।র্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জনিয়েছেন, শুধু গত মাসেই ওই দলটি বিভিন্ন জনের কাছ থেকে ২৫ লাখ টাকা লুট করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মকানুন সম্পর্কে ধারণা আছে আবদুল কাদেরের। তাই তাঁর নেতৃত্বেই চলে অভিযানগুলো।র্যাব জানায়, মতিঝিলের বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জে এদের তথ্যদাতা রয়েছে। কেউ মোটা অঙ্কের টাকা তুললে ওই কর্মচারীরা ভেতর থেকে দেহের গড়নের বর্ণনা, পোশাক ইত্যাদি তথ্য বাইরে পাচার করে। বর্ণনা অনুযায়ী বাইরে ওত পেতে থাকা দলটি ওই লোককে অনুসরণ করে। কিছুদূর পর অবস্থা বুঝে ওই লোককে তারা গ্রেপ্তার করে। হাতকড়া পরিয়ে চোখ বেঁধে তারা একটু নিরিবিলি এলাকার দিকে রওনা দেয়। মাইক্রোবাসের ভেতরে ঘটনার শিকার লোককে জেএমবি সদস্য বা বিভিন্ন মামলার আসামি বানানো হবে, ‘ক্রসফায়ার’ করা হবে ইত্যাদি বলে ভয় দেখানো হয়। মিথ্যা জব্দ তালিকার কথা বলে তার কাছে থাকা টাকা নিয়ে নেয় প্রতারকেরা। এরপর তারা ফোনে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের অভিনয় করে। একপর্যায়ে অপহূত ব্যক্তির মোবাইল ফোনের ব্যাটারি খুলে নিয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেয়।দলনেতা শফিক কখনো অভিযান দলে থাকেন না। অন্য একটি মাইক্রোবাসে থেকে তিনি অনুসরণ করেন।তথ্য প্রদানকারী পায় মোট লুণ্ঠিত অর্থের ৪০ শতাংশ। বাকিরা গুরুত্ব অনুযায়ী টাকার ভাগ পায়। শফিকের কয়েকটি ব্যাংক হিসাব আছে। এ ছাড়া শফিক বিদেশে লোক পাঠানো, ঝুট ব্যবসা ও জমির দালালিও করেন।জিজ্ঞাসাবাদে শফিক জানিয়েছেন, মাইক্রোবাসটি ভাড়া করা। হাতকড়াটি তাঁরা পুলিশের লোক পরিচয় দিয়ে পলওয়েল মার্কেট থেকে কিনেছেন। আর ওয়াকিটকিটি কিনেছেন স্টেডিয়াম মার্কেট থেকে। এ ছাড়া তাঁরা উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয়েও অনেক প্রতারণা করে থাকেন। এ জন্য তাঁরা কয়েকজন কর্মকর্তার ভিজিটিং কার্ডও বানিয়ে রেখেছেন।এ মাসে ও গত মাসে এই দলের প্রতারণার শিকার তিন ব্যবসায়ীর কথা জানতে পেরেছে র্যাব। আলমাস মিয়া, জিয়াউল হক ও খন্দকার নান্নু—এই তিন ব্যবসায়ীর কাছ থেকে এই দলটি সাড়ে ১৬ লাখ টাকা লুটে নেয়।র্যাব-৩-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্যদাতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।