কালোটাকার প্রভাব কমাতে হলে নির্বাচন পদ্ধতি বদলাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে দুর্নীতি ও কালোটাকার প্রভাব কমাতে জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতি পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। তিনি বলেন, বাজেটের মাধ্যমে সরকারি তহবিল (পাবলিক ফান্ড) তৈরি করতে হবে, যা দিয়ে সৎ ও গরিব নেতাদের নির্বাচনী ব্যয়ভার বহন করা সম্ভব হবে।গতকাল সোমবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৩ উপলক্ষে ‘রাজনৈতিক সদিচ্ছাই দুর্নীতি দমনে প্রধান ভূমিকা রাখতে পারে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেহমান সোবহান এসব কথা বলেন। তিনি আরও বলেন, একজন বিত্তবান কিন্তু অসাধু রাজনীতিবিদ টাকার জোরে নির্বাচনে জিতে যান। অন্যদিকে সৎ রাজনীতিবিদ অর্থের অভাবে নির্বাচনে অংশই নিতে পারেন না। সরকারি তহবিল তৈরি হলে রাজনীতি ও নির্বাচনের প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে মনে করেন তিনি।সাংসদদের প্রতিবছর ব্যক্তিগত সম্পদের হিসাব জমা দেওয়ার আহ্বান জানিয়ে রেহমান সোবহান বলেন, এতে জবাবদিহি নিশ্চিত হবে।রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। দুদকের চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।মূল প্রবন্ধে সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের প্রধান দুই দলের নির্বাচনী ইশতেহারে দুর্নীতি নির্মূল করার অঙ্গীকার রয়েছে। কিন্তু বাস্তবে এর প্রতিফলন দেখা যায় না। উপরন্তু, দুই দলের দ্বান্দ্বিক রাজনীতির কারণে দুর্নীতি হয়। পরস্পরবিরোধী রাজনীতির কারণে তাদের চিন্তায় থাকে, যেকোনোভাবেই ভোটে জিততে হবে। ক্ষমতায় যেতে হবে। এ কারণে দুর্নীতি হয়।নির্বাচন পদ্ধতি পরিবর্তন: সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহানের সঙ্গে একমত পোষণ করে দুর্নীতি প্রতিরোধে বর্তমান নির্বাচনের প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের বিধিতে পরিবর্তন আনার দাবি জানান সাংসদ তারানা হালিম ও সিমিন হোসেন রিমি। তাঁরা বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি যদি আরেকটু কঠিন ও বাস্তবসম্মত করা হয়, তাহলে নির্বাচনে কালোটাকার দাপট এমনিতেই কমে যাবে।জাতীয় সংসদসহ সব স্থানীয় নির্বাচনে বিত্তবানদের অবস্থান কমাতে আনুপাতিক ভোটের পদ্ধতি চালুর পরামর্শ দিয়েছেন সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম।রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: রাজনৈতিক দলগুলো কেন সন্ত্রাসীদের আশ্রয় দেয়—সরকার ও বিরোধী দলের কাছে এই প্রশ্ন রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাস বা অনিয়মের কোনো প্রতিরোধ কেউ করে না। পেছনের কারণ, রাজনৈতিক ও প্রশাসনিক ভয়।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, মূলত ত্রিমুখী আঁতাতে রাষ্ট্রীয় দুর্নীতি হয়। রাজনীতিবিদ, ব্যবসায়ী আর প্রশাসন—এই তিনে মিলেই বড় দুর্নীতি হয়। সাম্প্রতিক পদ্মা সেতু দুর্নীতি, হল-মার্ক ও ডেসটিনি কেলেঙ্কারি সেই ত্রিমুখী আঁতাতেরই উদাহরণ।মূল প্রবন্ধের সঙ্গে দ্বিমত পোষণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান।হাফিজ উদ্দিন বলেন, দুর্নীতি সৃষ্টির ক্ষেত্রে রাজনীতি একটি অনুঘটক। এর সঙ্গে অবশ্যই ব্যক্তিগত আর্থিক লাভের বিষয়টি জড়িয়ে থাকে। আর কারও ক্ষতি করে আর্থিক লাভের বিষয়টি যোগ হলেই তা থেকে তৈরি হয় অনিয়ম বা দুর্নীতি। আর বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে ক্ষমতাসীনদের কারণে দুর্নীতি হলে তা প্রতিরোধে দুদক কাজ করতে পারে না।রাজনীতিবিদদের নিয়োগ-বাণিজ্যের কিছু অভিযোগ বাংলাদেশের নিয়োগ-প্রক্রিয়ায় নেতিবাচক ধারণা তৈরি করেছে বলে স্বীকার করেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান এ টি এম হামিদুল হক। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত হলে সমাজ দুর্নীতিপরায়ণ হতে বাধ্য। দুর্নীতিবাজদের পক্ষে যখন সরকারের দায়িত্বশীল মন্ত্রী বক্তব্য দেন, তখন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়। দুর্নীতি দমনের জন্য স্বাধীন কমিশন গঠন করা হলেও সরকার, রাজনীতিবিদসহ যথাযথ কর্তৃপক্ষ যদি আন্তরিক না হয়, তাহলে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে না।সেনা কর্মকর্তাদের দুর্নীতি প্রসঙ্গ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন বলেন, এক-এগারোর সময় দুর্নীতি দমন কমিশন নিয়ে সাধারণ মানুষের আশা ছিল। কিন্তু কিছুই হয়নি। তৎকালীন দুদকের প্রধান ও সেনা কর্মকর্তা হাসান মশহুদ চৌধূরী ছিলেন খুবই কর্তৃত্বশালী ব্যক্তিত্ব। আজ একে ধরেন, কাল তাঁকে ছাড়েন। কিন্তু যারা মূল দুর্নীতি করছিল, তাঁর সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ নেননি। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার টিআইবিও তখন এ বিষয়ে কিছু বলেনি। অবশ্য সম্প্রতি টিআইবি মুখ খুলেছে। তবে সেনাবাহিনীতে দুর্নীতিবাজের সংখ্যা খুবই অল্প বলে মন্তব্য করেন তিনি।বিনিয়োগ: অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, দেশে রাজনীতিই এখন বড় ব্যবসা। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যেসব রাজনীতিবিদ সংসদে জনগণের প্রতিনিধিত্ব করছেন, তাঁদের অনেকেই বিপুল সম্পদের মালিক হয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমেই তাঁদের আজকের এই পরিবর্তন।বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, বর্তমানে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি পোশাক কারখানা। কিন্তু সাম্প্রতিক সময়ে হল-মার্কসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জালিয়াতির কারণে সৎ ব্যবসায়ীদের জন্য বিরূপ পরিবেশ তৈরি হয়েছে।দুদকের কার্যক্রমের সমালোচনা: সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির নেতা ওসমান ফারুক বলেন, দুদক গত বছর কিছু ভালো কাজ করলেও পদ্মা সেতুর বিষয়ে বিতর্কিত হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনীতিবিদদের হয়রানি না করে প্রকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে সংস্থাটির প্রতি আহ্বান জানান তিনি।দুদক স্বাধীন ও শক্তিশালী নয় বলে মন্তব্য করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় ৮০ শতাংশ সম্পদই কালো বা অবৈধ। এগুলোর মালিক বিভিন্ন রাজনীতিবিদ, ব্যবসায়ী বা সরকারি আমলারা। কিন্তু দুদক কখনোই সেই দুর্নীতিবাজদের ধরে সাজা দিতে পারবে না।ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, দুর্নীতি ক্রমশ প্রতিষ্ঠানের নিচের স্তর থেকে ওপরের দিকে ওঠে। দুদককে অনুসন্ধান ও তদন্তের সময় বিষয়টি অবশ্যই নজরে রাখতে হবে। নইলে দুর্নীতি রোধ করা সম্ভব নয়।সভাপতির বক্তব্যে পদ্মা সেতু ষড়যন্ত্র, হল-মার্ক কেলেঙ্কারি ও ডেসটিনির প্রতারণার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষী ব্যক্তিদের উপযুক্ত সাজা হবে বলে দাবি করেছেন দুদকের চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, বর্তমান কমিশনের আমলে কোনো অপরাধী ছাড় পাবে না।সেমিনারে আরও আলোচনা করেন সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, আইন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ফজলে রাব্বী, সাংসদ রহমত উল্লাহ, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক, তথ্য কমিশনার সাদেকা হালিম প্রমুখ।