শেয়ারবাজারে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করলে উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।শেয়ারবাজারে আস্থা ফেরাতে গতকাল সোমবার বিকেলে এক স্পষ্টীকরণ ব্যাখ্যায় এনবিআর এ কথা বলেছে। অপ্রদর্শিত আয় শেয়ারবাজারে বিনিয়োগ সম্পর্কে বিভিন্ন ধরনের বিভ্রান্তি চলছে বলে মনে করছে এনবিআর। আর সে কারণেই স্পষ্টীকরণ ব্যাখ্যাটি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘এই সম্পর্কিত বিভ্রান্তি নিরসনকল্পে এবং বিনিয়োগকারীরা আস্থার সঙ্গে অপ্রদর্শিত আয় শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারেন।’ কালোটাকার বিষয়ে এনবিআরের ব্যাখ্যায় আরও বলা হয়েছে, ২০০৯-১০ অর্থবছরে অপ্রদর্শিত আয় শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল, যার উদ্দেশ্য ছিল পুঁজিবাজারের বিকাশ ও এই খাতে বিনিয়োগ উৎসাহিত করা। একই বিবেচনায় ২০১১-১২ অর্থবছরেও অপ্রদর্শিত আয় বিনা ব্যাখ্যায় স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোম্পানির শেয়ারে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এনবিআর বলেছে, ‘এই বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীকে তাঁর আয়ের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না।’ এনবিআরের এই ব্যাখ্যার মাধ্যমে শেয়ারবাজার স্থিতিশীল করার প্রণোদনা ঘোষণার প্রথম ধাপ শুরু হলো। আজ মঙ্গলবার চূড়ান্ত প্রণোদনার ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সোমবার বলেছেন, পুঁজিবাজার নিয়ে কয়েক দিনের বৈঠকের পরিপ্রেক্ষিতে আরও কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এসইসি সংবাদ সম্মেলন করে এগুলো ঘোষণা করবে। গতকাল সচিবালয়ে পুঁজিবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, এসইসির সদস্য হেলালউদ্দিন নিজামী প্রমুখের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা জানান। মঙ্গলবার সংবাদ সম্মেলন হবে কি না, প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না, এসইসি জানে।’ এ নিয়ে প্রশ্নের জবাবে এসইসির সদস্য হেলালউদ্দিন নিজামী বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) সংবাদ সম্মেলন করে সব জানানো হতে পারে।’ডিএসইর সংবাদ সম্মেলন: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের এখন থেকে নিজ কোম্পানির ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। সাধারণ বাজারে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা কোনো শেয়ার বিক্রি করতে পারবেন না। ব্লক মার্কেট বা বিশেষ ব্যবস্থায় তাঁদের শেয়ার বিক্রি করতে হবে। শেয়ারবাজারের উন্নয়নে এমন সুপারিশ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গতকাল সোমবার সংস্থাটির পরিচালনা পরিষদের সভায় উপস্থিত পরিচালকেরা এসব বিষয়ে একমত পোষণ করেছেন। এ ছাড়া গতকাল সভায় আটটি বিষয়ে এসইসিতে প্রস্তাব বা সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, সোমবারের সভায় যেসব সিদ্ধান্ত বা সুপারিশ উঠে এসেছে, সেগুলো আইনি কাঠামো বা বিধিভুক্ত করতে শিগগিরই বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া হবে। এসইসিই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সভা শেষে সংবাদ সম্মেলন করে ডিএসইর সুপারিশ বা প্রস্তাবগুলোর বিষয়ে জানান সংস্থাটির সভাপতি শাকিল রিজভী। এ সময় ডিএসইর অন্য পরিচালকেরাও উপস্থিত ছিলেন। ডিএসই আরও যেসব সুপারিশ করবে সেগুলো হলো: তালিকাভুক্ত যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে বর্তমানে ৩০ শতাংশের কম শেয়ার রয়েছে, ছয় মাসের মধ্যে সেই কোটা পূর্ণ করা, সাধারণ শেয়ারধারীদের মধ্যে কেউ এককভাবে তালিকাভুক্ত কোনো কোম্পানির ৫ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণ করলে তাঁকে ওই কোম্পানির পরিচালক নিযুক্ত করা এবং তালিকাভুক্ত প্রত্যেক কোম্পানিতে সাধারণ শেয়ারধারীদের মধ্য থেকে একজন পরিচালক নির্বাচিত করা। ডিএসই আরও জানায়, সরাসরি তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে যেসব কোম্পানির শেয়ারের বর্তমান বাজারমূল্য বিক্রয়মূল্যের নিচে নেমে গেছে, সেসব কোম্পানির শেয়ার পুনঃক্রয়ের সুপারিশ করা হবে। পাশাপাশি প্লেসমেন্টে আটকে থাকা বিনিয়োগকারীদের বিষয়ে তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু সমাধান এবং শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়ে ব্যাংকের আইনি বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিট হিসাবের ক্ষেত্রে শেয়ারের ক্রয়মূল্য বা বাজারমূল্যের মধ্যে যেটি কম, সেটিকে গণনায় ধরার সুপারিশ করা হবে। এ ছাড়া ডিএসইর ব্যবস্থাপনা ও মালিকানা পৃথক্করণের (ডিমিউচুয়ালাইজেশন) প্রক্রিয়া ত্বরান্বিত করতে সংস্থাটির অডিট কমিটি ও ডিমিউচুয়ালাইজেশন কমিটি ছাড়া অন্য সব কমিটি বিলুপ্ত করেছে পরিচালনা পরিষদ। বাজার-পরিস্থিতি: এক মাসের ব্যবধানে গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। দিন শেষে ঢাকার বাজারে প্রায় ৫১৯ কোটি টাকার লেনদেন হয়। এর আগে চলতি বছরের ২৩ অক্টোবর সর্বশেষ ডিএসইতে ৬১৬ কোটি টাকার লেনদেন হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ৫৬ কোটি টাকারও বেশি। লেনদেনের শুরু থেকেই গতকাল দুই বাজারেই মূল্যসূচকের বেশ উত্থান-পতন ছিল। তবে দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। ডিএসইর সাধারণ মূল্যসূচক দিন শেষে প্রায় ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩২৩ পয়েন্টে। যদিও এদিন ডিএসইর সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান ছিল প্রায় ১২৮ পয়েন্ট। সিএসইর সার্বিক মূল্যসূচক দিন শেষে প্রায় ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৪৬ পয়েন্টে। এর মধ্যেও গতকাল ঢাকার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর বেশ কয়েকটির কোনো বিক্রেতা ছিল না। যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘গতকালের বাজারে কিছুটা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ছিল। তার সঙ্গে যুক্ত হয়েছে বিনিয়োগকারীদের কিছুটা হতাশা। দুইয়ে মিলিয়ে বাজারে মূল্যসূচকের উত্থান-পতন ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকার কী ধরনের প্রণোদনা ঘোষণা করবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগের পর বিনিয়োগকারীদের প্রত্যাশা বেড়েছে। এই অবস্থায় সরকারের দিক থেকে প্রত্যাশা অনুযায়ী প্রণোদনা ঘোষণা করা হলে বাজারে কিছুটা হলেও স্থিতিশীলতা ফিরে আসবে।’