কালোত্তীর্ণ প্রজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেরটোল্ট ব্রেখ্ট (১৮৯৮-১৯৫৬) একাধারে কবি, নাট্যকার ও নাট্যপরিচালক। বিশ শতকে নাট্যকার হিসেবে তাঁর প্রভাব অত্যন্ত গভীর। তাঁর নাট্যভাবনা স্বতন্ত্র একটি ধারার সূচনা করে। মার্কসবাদী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন এবং নাটকে তার সৃজনশীল প্রয়োগে আস্থা রাখতেন।মনে হয়, এই মহান ভারতীয় কবির প্রেম-সংগীতের সংগ্রহটি খুবই দুঃসময়ে দূরপ্রাচ্য থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে। কী অদ্ভুত বৈপরীত্য! আমাদের সময়কালের ঝঞ্ঝাপূর্ণ ঐকতানের মধ্যে, যুদ্ধের বাজনার মধ্যে প্রাচ্যের এই লোকটির মধুর সংগীতবাণী আমাদের কাছে এসে পৌঁছেছে। এই কাব্যগীতিগুলোতে সংগীত ও প্রেমের বিজয়ের কথা বলা হয়েছে, যা বর্তমান সময়ে আমাদের কাছে তাৎপর্যহীন ও অসাড় বলে মনে হয়। সেগুলোতে এমন এক হতাশা ও এমন এক বেদনাবোধের কথা বলা হয়েছে, যা আমাদের ব্যথিত করার জন্য একেবারে নগণ্য ও ব্যক্তিকেন্দ্রিক বলে মনে হয়।অথচ কী বিচিত্র ও আশ্চর্যের ব্যাপার যে এত সব সত্ত্বেও আমরা আনন্দিত ও ব্যথিত হয়ে উঠছি, ভুলে যাচ্ছি কত নিষ্ঠুর আমাদের সমাজ। আমরা ভুলে যাই কত বিষণ্ন অন্ধকারময় আমাদের সময়। আমরা ভুলে যাই দ্বন্দ্ব-বিরোধ আর দুর্বিপাক, আমরা কবির হাতের ইশারায় চালিত হই। আমরা তাড়িত হই একটি শান্তিময় উজ্জ্বল রৌদ্রালোকিত ভূমিতে বিচরণের উদ্দেশ্যে। এটা ভারতীয় দার্শনিক কবির অদ্ভুত পারঙ্গমতারই প্রমাণ যে তিনি এই দুঃসময়েও আমাদের আকৃষ্ট করতে সফল হয়েছেন।এগুলো প্রধানত ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে রচিত সংক্ষিপ্ত কবিতা, যেখানে কবি আবিষ্কার করেন যে তাঁর চুলে পাক ধরেছে। তিনি ঝিনুক কুড়িয়ে সেগুলো তাঁর দয়িতার কাছে নিয়ে যান। কিন্তু সেই প্রিয় মানুষটি এগুলোকে মূল্যহীন বলে ছুড়ে ফেলে দেয়। দিনযাপনের এসব টুকরো ঘটনাই কবিকে অনুপ্রাণিত করে সংবেদনশীল, আশ্চর্য আন্তরিক ও কোমল রসে পূর্ণ কবিতা রচনায়। কবিতাগুলোতে খেলা করে একধরনের সোনালি দ্যুতি, যা উৎসারিত হয়েছে কবির ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। খেয়ালি কবির স্বতোৎসারিত অন্তর্দৃষ্টি জ্বলজ্বল করে ওঠে নিষ্পাপ শুভ্রতায়। ফুল তুলতে গিয়ে কবি কাঁটার আঘাতে জর্জরিত হন, সন্ধ্যা নাগাদ ফুলটি ম্লান হয়ে যায়। কিন্তু ব্যথাটি থেকে যায়।কোনো বাহ্যিক নিয়মকানুনের ঘেরে আটকা পড়েনি শব্দ অথবা ছন্দ। গদ্যবৎ গঠনশৈলী সত্ত্বেও একটা সরল মেজাজ আপনিই জেগে ওঠে। এই মেজাজটিই রহস্যময় সংগীতের ধ্বনিতে মুহুর্মুহু আছড়ে পড়ে আর সেই সঙ্গে সৃষ্টি হয় একটি ঊর্ধ্বাভিসারী কোমল গতিবেগ এবং মনোরম গতিছন্দ। যখন রবীন্দ্রনাথ কথা বলেন, তখন মনে হয় তিনি গান করছেন। আবার যখন তিনি গান করেন, তখন মনে হয় প্রার্থনা করছেন।তারা এসেছে সাজি হাতে। তাদের পদযুগল সোনালি। ভোরের আলো এসে পড়েছে তাদের মুখে। এ ধরনের গদ্য প্রকৃত কবিতার চেয়েও অনেক বেশি ছন্দময় শোনায়, যা ছন্দোবদ্ধ হলে সম্ভব হতো না।এই গানগুলো অপূর্ব ভাষায় এফেনবার্গার অনুবাদ করেছেন এবং ভল্ফ সুন্দরভাবে তা প্রকাশ করেছেন। এর ফলে এটি দুর্লভ শিল্পের সমঝদারদের গভীরভাবে আকর্ষণ করতে সক্ষম হয়েছে। রবীন্দ্রনাথের এই গ্রন্থটি অতি উচ্চমার্গের এবং এটি কালোত্তীর্ণ প্রজ্ঞার নিদর্শন। এর অন্তর্ভুক্ত কবিতাগুলোতে ঘটেছে তাদের জন্মভূমির পরিশুদ্ধ সংস্কৃতির সুন্দর প্রকাশ, যা এখনো কিছুক্ষণ আধ্যাত্মিক পবিত্রতার পরশ দিতে পারে। কারণ, এ সংগীত শাশ্বত সৌন্দর্যের বংশীধ্বনির মতো শোনায়।সূত্র: রবীন্দ্রনাথ ঠাকুর ও জার্মানী, মার্টিন কেম্পচেন, অনুবাদ: নাসিম আখতার হোসাইন ও সরদার আবদুস সাত্তার