কালোবাজারি মোশাররফ করিম!
চলচ্চিত্রের কালোবাজারি থেকে প্রযোজক হলেন মোশাররফ করিম। এর মাঝে অবশ্য কিছুদিন কাটপিস ছবির ব্যবসা এবং পাইরেসির সঙ্গে জড়িত ছিলেন। ‘আমি আর সিনেমা বানাব না’ নামের একটি এক ঘণ্টার নাটকে এ ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছেন তিনি।নাটকে মোশাররফ করিমকে ময়মনসিংয়ের আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে হয়েছে। তিনি বলেন, ‘এ ধরনের নাটকে অভিনয় আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।’ নাটকের গল্পে দেখা যাবে, মোশাররফ করিম সিনেমা হলের টিকিট বিক্রি করে। একটা সময় সিনেমা হলের ম্যানেজারের সহযোগিতায় কাটপিস সরবরাহ শুরু করে। তারপর শুরু করে পাইরেসি ব্যবসা। এটা করতে করতে একটা মোটা অঙ্কের টাকার মালিক হয়ে যান তিনি। তারপর শুরু হয় ছবি বানানোর কাজ। আর তখন তাঁরই অফিসের ম্যানেজার ছবি পাইরেসি শুরু করে। এতে মোশাররফ করিম বেশ মর্মাহত হন এবং ঘোষণা দেন আর ছবি না বানানোর। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘আমি আর সিনেমা বানাব না’ নাটকের গল্প। যৌথভাবে রচনা করেছেন সাগর জাহান ও জিয়াউদ্দীন আলম। নাটকটি লেখার পাশাপাশি পরিচালনা করেছেন জিয়াউদ্দীন আলম।মোশাররফ করিম ছাড়াও আমি আর সিনেমা বানাব না নাটকের অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন—সারিকা, মুকিত মজুমদার ও রাসেল আহমেদ প্রমুখ।