কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলস্টেশনে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে গ্রেপ্তার হওয়া এই তিনজনের কাছ থেকে আটটি টিকিট উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন: আফাজ উদ্দিন, কবির হোসেন ও নাসির উদ্দিন। আফাজ উদ্দিন রেলের টেকনিক্যাল লাইন ইলেকট্রিশিয়ান (জেড-১) পদে কর্মরত বলে র্যাব জানায়। র‌্যাব-৭-এর উপপরিচালক মেজর রকিবুল আমিন প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনই স্টেশনে দাঁড়িয়ে টিকিট বিক্রি করছিলেন। তাঁদের কাছ থেকে তূর্ণা নিশীথা, পাহাড়িকা, মহানগর প্রভাতী ও সুবর্ণ এক্সপ্রেসের মোট আটটি টিকিট উদ্ধার করা হয়। এতে ১৬টি আসন ছিল।মেজর রকিবুল আমিন আরও বলেন, ওই ব্যক্তিদের কাছ থেকে টিকিট বিক্রির মোট তিন হাজার ৭৭০ টাকা এবং টিকিটের চাহিদার একটি তালিকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে স্টেশন চত্বর থেকে টিকিট কালোবাজারির অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব।