পুলিশ বাহিনীর রেশনের জন্য বরাদ্দ করা চাল কালোবাজারে বিক্রি হচ্ছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নামে রেশন বাবদ বরাদ্দ করা এই চাল উত্তোলনের পর সরাসরি বাজারে বিক্রি করে দেওয়া হয়।খাদ্য বিভাগের এক তদন্ত প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে। সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে খাদ্য বিভাগ এ ব্যাপারে একটি তদন্ত করে গতকাল মঙ্গলবার প্রতিবেদন জমা দেয়।খাদ্য বিভাগের একজন অতিরিক্ত পরিচালকের নেতৃত্বে গঠিত ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই দুটি সংস্থার নামে বরাদ্দ করা চাল কালোবাজারে বিক্রি করে দেওয়ার ফলে প্রতীয়মান হয় যে এই চাল তাদের প্রয়োজনের অতিরিক্ত, যা তাদের বাড়তি আয়ের উৎস হিসেবে বিবেচনা করা যেতে পারে।’ বিষয়টি বিবেচনায় এনে প্রয়োজনের অতিরিক্ত (কালোবাজারে বিক্রয়যোগ্য) রেশন চালের বরাদ্দ কমিয়ে সরকারের অর্থ সাশ্রয়ের জন্য তদন্ত কমিটি সুপারিশ করেছে।খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরুণ দেব মিত্র এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা খাদ্য বিভাগ থেকে নেওয়া রেশনের চাল না খেয়ে বিক্রি করে দেন—এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। তদন্তে এটি প্রমাণিত হওয়ার পর এখন পুলিশ বাহিনীর সঙ্গে বৈঠক করে বিষয়টি জানতে চাওয়া হবে। কোথায় সমস্যা তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।৩৫ টাকার চাল সোয়া দুই টাকায়: খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রতিবছর ‘অগ্রাধিকার দলের নামে বরাদ্দ’ হিসেবে আর্মড পুলিশ ও ডিএমপির নামে ১২ হাজার টন চাল ও আট হাজার টন গম বরাদ্দ দেওয়া হয়। খাদ্য বিভাগের কাছ থেকে তারা প্রতি কেজি চাল দুই টাকা ১০ পয়সা ও গম এক টাকা ৭৮ পয়সা করে কিনে নেয়।সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে বাজারে বর্তমানে প্রতি কেজি মোটা চাল ৩৫ থেকে ৩৭ টাকা, গম ৩৩ থেকে ৩৭ টাকায় বিক্রি হচ্ছে। খাদ্য বিভাগ ওই চাল অভ্যন্তরীণ উৎস থেকে ৩০ টাকা ও আন্তর্জাতিক বাজার থেকে ৩৮ টাকা কেজি দরে সংগ্রহ করে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সরবরাহ) আবুল ফয়েজ প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্যদের মধ্যে যাঁরা মেসে খান, তাঁদের জন্য এত চালের প্রয়োজন হয় না। মেস ম্যানেজার বাড়তি চাল বিক্রি করে দিয়ে মাছ-মাংস ও সবজি কেনেন। পুলিশ বাহিনীর নামে আরও বেশি চাল বরাদ্দ দেওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘তবে সরকার এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে, তা আমরা মেনে নেব।’ কীভাবে কালোবাজারে যাচ্ছে: খাদ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জানুয়ারি একটি জাতীয় দৈনিকের কাছ থেকে ওএমএসের চাল কালোবাজারে যাচ্ছে বলে অভিযোগ পান। খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এনায়েত হুসাইন, ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক শুকুর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তেজতুরি বাজার এলাকা পরিদর্শন করে। তারা সেখানকার নিউগ্রান্ড হোটেলের নিচতলায় করিডরের বাঁ পাশে দ্বিতীয় তলায় একটি দোকান দেখতে পায়। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেউটি গ্রামের সিদ্দিকউল্লাহর ছেলে ফারুক ভাড়া নিয়ে এখানে ব্যবসা করেন। তদন্ত দল ফারুককে জিজ্ঞাসাবাদে জানতে পারে, কোনো লাইসেন্স না থাকলেও তিনি নিয়মিতভাবে চাল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। মূলত আমর্ড পুলিশ, পুলিশ ও বিডিআর সদস্যদের বিক্রয় করা রেশন-সামগ্রী তিনি কিনে বিক্রি করেন। পরিদর্শনকালে তাঁর দোকানে ৭০ থেকে ৭৫ বস্তা চাল মজুদ পাওয়া যায়। দোকানে ও করিডরে খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া কতগুলো বস্তা দেখতে পাওয়া যায়। দোকানের কর্মচারীদের খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া বস্তার চাল প্লাস্টিকের বস্তায় (বিভিন্ন রাইস মিলের ছাপযুক্ত) ঢালতে দেখা গেছে।তদন্ত দল দোকানমালিক ও আশপাশের ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পারে, এসব চাল ফারুক রাজারবাগ পুলিশ লাইন থেকে ও উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেড কোয়ার্টার থেকে কিনে এনেছেন। ফারুক এই চাল কেনার সপক্ষে প্রমাণ হিসেবে ১ নম্বর আর্মড পুলিশ উত্তরার অধিনায়কের অনুকূলে তেজগাঁও সিএসডি থেকে চালানের মূল কপি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনের মেস ম্যানেজারের কাছ থেকে দেওয়া বিক্রয় প্রত্যয়নপত্র দেখান।খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন এ ব্যাপারে বলেন, আগেও অনেকবার খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া বস্তার চাল কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গিয়েছিল। প্রতিবার তদন্তে দেখা গেছে, ওই চাল পুলিশ বাহিনীর নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছিল।