কাশবনে আগুন
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের ঘাটিশুভগাছা চরের কাশবনে সম্প্রতি একাধিকবার আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আগুন লাগানোকে কেন্দ্র করে চরাঞ্চলের হাজার হাজার কৃষক ও খামার মালিকেরা আতঙ্কের মধ্যে দিনরাত কাটাচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য প্রতিদিন চর এলাকায় মাইকিং করা হচ্ছে। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, শুভগাছা ইউনিয়নের ঘাটিশুভগাছা চরের তিন বর্গ কিলোমিটার জুড়ে তিন বছর ধরে কাশবন (ছন) আবাদ করা হচ্ছে। পাশাপাশি অঞ্চলটি গোচারণ ভূমি হিসেবেও ব্যবহার করা হচ্ছে। স্থায়ীভাবে গড়ে ওঠা এ চর থেকে এখন প্রায় লক্ষাধিক মানুষের রুটিরুজির ব্যবস্থা হয়ে আসছে। ১ ডিসেম্বর রাতে চরের চারটি স্থানে আগুন লাগানোর ঘটনা ঘটে। আশপাশের লোকজন আকস্মিক ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গ্রামবাসী চর এলাকায় মাইকিং করে আগুন লাগানোর কথা প্রচার করে। পরে তারা সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এরপর ৯ ডিসেম্বর আবারও আগুন লাগানোর ঘটনা ঘটে। এবারও একইভাবে আগুন নিয়ন্ত্রণ করা হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মাইকিং করে এ নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য এলাকাবাসীকে আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে পালাক্রমে পাহারা দেওয়া হচ্ছে কাশবন।চরের মহিষ বাথানের মালিক সজল ঘোষ বলেন, ‘আমার খামারে (বাথান) সব সময় ৫০ থেকে ৬০ জন লোক কাজ করে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভয়ে কর্মচারীরা দিগিবদিক ছুটাছুটি শুরু করে। পরে অবশ্য তারা অন্যদের সঙ্গে মিলে আগুন লাগার জায়গায় গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর কয়েক দিন পর তো আবারও আগুন লাগানো হলো। বিষয়টি নিয়ে আমরা খুবই চিন্তায় আছি।’চরের বাসিন্দা বক্কার মিয়া, আসালত মিয়া বলেন, ‘কাশবনে বিভিন্ন ফসলের আবাদসহ গবাদীপশু পালনের সঙ্গে প্রায় ১০ থেকে ২০ হাজার পরিবারের জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। দুই দফা আগুন লাগায় যতটুকু ক্ষতি হয়েছে তা হয়তো পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে এ বিষয়ে আমরা সবার সহযোগিতা চাই।’শুভগাছা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সালাম মান্নান ঘটনার সত্যতা শিকার করে জানান, এই চর থেকে প্রতিবছর কোটি টাকার ওপর ছন বিক্রি হয়। এ ছাড়া বিস্তির্ণ এলাকার কাশবনের মধ্যে বিভিন্ন স্থানে গরু ও মহিষের খামার গড়ে তোলা হয়েছে। বিভিন্ন জেলা থেকে খামার মালিকেরা এখানে এসে গরু-মহিষ কিনে নিয়ে যান। এভাবে খামার ও কাশবন থেকে লাখ লাখ টাকা আয় ছাড়াও শত শত শ্রমিকের কর্মসংস্থানও হচ্ছে এখানে। এই কাশবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে যে ক্ষতি হবে তা হয়তো আর পোষানো যাবে না।এলাকার শিক্ষক মো. আমিনুল ইসলাম জানান, চরটি নদী ভাঙনের শিকার হওয়ার পর আবার পলি পড়ে স্থায়ীভাবে জেগে উঠেছে। চারদিক ঘিরে আছে যমুনার পানি। এখানকার কাশবনটাও দরিদ্র চরাবাসীর আয়ের একটা বড় উৎস। তাই এটি রক্ষার জন্য এলাকাবাসী রাতদিন পাহারা দিচ্ছে। তারপরও প্রশাসনের পক্ষ থেকে চরে নাশকতামূলক ঘটনা যাতে না ঘটে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আগুন লাগানোর সঙ্গে জড়িত সন্দেহে কাউকে এখনো আটক করা যায়নি। তবে ইউনিয়ন পরিষদের মেম্বার মোজাম্মেল হক জানান, চরটিতে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা চাষাবাদ করলেও মূলত খুকশিয়া ও ঘাটিশুভগাছা গ্রামের লোকজন দেখাশোনা করে। এখান থেকে এ দুটি গ্রামের লোকজনই গরু-মহিষের জন্য ঘাস সংগ্রহ করে। ঘাস কাটা ও সীমানা নির্ধারণ নিয়ে এ দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কিছুটা দূরত্বের সৃষ্টি হয়েছিল। তা থেকেও আগুন লাগানোর ঘটনা ঘটতে পারে। তবে সীমানা নির্ধারণের বিষয়টি গত সপ্তাহে মীমাংসা করে পাহাড়াদার নিযুক্ত করা হয়েছে।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দীন বলেন, ‘চরটি থেকে ইউনিয়নের ১০টি গ্রামের কয়েক লাখ লোক জীবিকা নির্বাহ করে। কারা আগুন লাগিয়েছিল তাদের খোঁজা হচ্ছে। দোষীদের খুঁজে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই কাশবন রক্ষার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব।’