বিডিআর বিদ্রোহের ঘটনায় আটক ৮১ জন বন্দী আজ মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ২৯ জন বিডিআর জওয়ান এবং ৫২ জন সদর দপ্তরে কর্মরত কর্মচারী, আশপাশের এলাকার ব্যবসায়ী ও জনতা।কারাগার সূত্রে জানা যায়, গোয়েন্দা তদন্তে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এসব বন্দীকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। সারা দেশে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এক হাজার ৫০৪ জন ও অভিযুক্ত হয়েছেন ৮২৪ জন।কাশিমপুর কারাগার-১-এর কারাধ্যক্ষ আবদুল বারেক জানান, দীর্ঘ তদন্তে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২২ আগস্ট মুখ্য মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার তাঁদের অব্যাহতি দেন।ওই আদেশ প্রাপ্তির পর কারা কর্তৃপক্ষ আজ বিকেল সাড়ে তিনটার দিকে তাঁদের মুক্তি দেয়। মুক্তি পাওয়া বিডিআর জওয়ানদের পিলখানায় বিডিআর সদর দপ্তরে শিগগিরই যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।