কাশিমপুর কারাগারে বন্দী এক বিডিআর জওয়ানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী এক বিডিআর জওয়ানের মৃত্যু হয়েছে। তাঁর নাম এনামুল হক (৫০)। আজ সোমবার সকালে অসুস্থ অবস্থায় কাশিমপুর কারাগার থেকে তাঁকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।এনামুল হকের বাবার নাম লুত্ফুল হক। বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট রাজাপুর এলাকায়। তিনি বিডিআরে হাবিলদার পদে কর্মরত ছিলেন।কাশিমপুর কারাগারের জেলার ফরমান আলী জানান, আজ সকালে নাস্তা খেয়ে এনামুল হক বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তিনি অসুস্থ বোধ করলে কারাগারের সহকারী সার্জন তাঁকে চিকিত্সা দেন। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক এনামুল হককে মৃত ঘোষণা করেন। পরে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল ও ময়নাতদন্ত করা হয়।জানা গেছে, এনামুল হক পিলখানায় বিডিআর বিদ্রোহে লালবাগ থানায় দায়ের করা মামলার একজন আসামি। এ মামলার আসামি হিসেবে গত বছরের ২২ মার্চ থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ৯ মে তাঁকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।