কাশিমপুর কারাগারে বিডিআর জওয়ান মারা গেছেন
গাজীপুরে আজ শুক্রবার সকালে কাশিমপুর কারাগারে বন্দী এক বিডিআর জওয়ান হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর নাম সন্তোষ চন্দ্র সূত্রধর (২৮)। তিনি ৪৪ ব্যাটালিয়নের জওয়ান এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার রামচণ্ডী গ্রামের ভোলানাথ চন্দ্রের ছেলে।উপকারারক্ষক মুশফিকুর রহমান জানান, সন্তোষ কারাগারের কপোতাক্ষ ভবনের ছয় তলার ২০ নম্বর কক্ষে থাকতেন। ভোর পাঁচটার দিকে তিনি অসুস্থ বোধ করেন। তাঁকে কারা হাসপাতালে পাঠালে চিকিত্সক ভোর সোয়া পাঁচটার দিকে গাজীপুর সদর হাসপাতালে পাঠান। উপকারারক্ষক মুশফিকুর রহমান আরও জানান, গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পর সকাল ছয়টার দিকে চিকিত্সক কমর উদ্দিন তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ বেলা সাড়ে তিনটার দিকে ছোট ভাই পবিত্র চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, পিলখানার বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২৬ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।