কাশ্মিরে ৫ জনের মৃত্যু, কারফিউ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কাশ্মিরে স্থানীয় অধিবাসীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে আজ সোমবার আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সহিংসতার জের ধরে জারি করা কারফিউ আজ সোমবারও অব্যাহত রয়েছে। টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।পুলিশ জানায়, গত শুক্রবার পুলিশের গুলিতে আহত হয়ে তারিক আহমেদ নামের এক ব্যক্তি গতকাল মারা গেছেন ও অপর সাতজন নিহত হওয়ার পর মৃতের সংখ্যা গত পাঁচ দিনে ২০ জনে দাঁড়িয়েছে। কাশ্মিরে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরাপত্তাকর্মীরা সেখানে কঠোর প্রহরার ব্যবস্থা নিয়েছে। এদিকে নিরাপত্তায় নিয়োজিত ক্যাবিনেট কমিটি (সিসিসি) কাশ্মিরের সহিংস পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য গতকাল রাতে নয়াদিল্লিতে বৈঠকে বসেন।জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করতে সব রাজনৈতিক দলের নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান।পুলিশ জানায়, গতকাল শ্রীনগরের পার্শ্ববর্তী খ্রু এলাকায় একটি থানায় আগুন ধরিয়ে দিলে থানার অভ্যন্তরে রাখা বিস্ফোরক দ্রব্য বিস্ফোরিত হয়ে চারজন নিহত ও দুজন আহত হন। এ ছাড়া খ্রু এলাকায় একটি চেকপোস্টে বিক্ষোভকারীরা হামলা চালিয়ে অস্ত্র লুট করার চেষ্টা করলে পুলিশের গুলিতে আফরোসা নামের এক মহিলা নিহত হন।এ ছাড়া রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করলে তাঁদের ছাত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে দুজন নিহত হন।পুলিশের একজন মুখপাত্র জানান, পামপোরের জাফরানসমৃদ্ধ এলাকার অবস্থা খুবই ভয়াবহ। বিক্ষুব্ধ লোকজন পান্থা চোক থেকে পামপোর পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন। এ ছাড়া তাঁরা গালান্দার, কাদলাবাদ, বারসো, ফেরেস্তাবাদ ও পামপোরে মহাসড়ক অবরোধ করে রাখেন।