কাশ্মীর নিয়ে কোরেশি ও কৃষ্ণার বাগবিতণ্ডা
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ভারত-শাসিত কাশ্মীরে চলমান সংঘর্ষ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। কোরেশি বলেন, বিশ্ব সম্প্রদায়ের ভারতকে কাশ্মীরে দমন-পীড়ন বন্ধ করতে বলা উচিত। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা এর প্রতিক্রিয়ায় জানান, তাঁর মন্তব্য একেবারেই অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, পাকিস্তানের অভ্যন্তরে অনেক সমস্যা রয়েছে, এসব থেকে সবার দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এ ধরনের মন্তব্য করেছেন।জাতিসংঘের সাধারণ পরিষদে কোরেশি বলেছেন, অবাধ ও সুষ্ঠু গণভোটের মাধ্যমে কাশ্মীরের জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। আর জাতিসংঘের উচিত এ ব্যাপারে তত্ত্বাবধান করা। তিনি আরও বলেন, পাকিস্তান কাশ্মীরের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং কাশ্মীরে দমন-পীড়ন বন্ধ করতে ভারতকে প্রভাবিত করতে বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছে। তবে কোরেশির বক্তব্যে হতাশ হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। তিনি বলেছেন, কোরেশির বক্তব্য অবিবেচনাপূর্ণ।প্রসঙ্গত, গত দুই মাসে কাশ্মীরে সহিংস ঘটনায় শতাধিক লোক প্রাণ হারিয়েছে। ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে চলা সশস্ত্র বিদ্রোহে ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।