কাশ্মীর নিয়ে তাড়াহুড়ো করবে না ভারত
কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে উত্তেজনা প্রশমনে তাড়াহুড়ো করতে চান না ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। তিনি বরং এ বিষয়ে ধীরেসুস্থে এগোনোর পক্ষে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়।এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার কাশ্মীরে বিতর্কিত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা হ্রাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আলোচনায় বসার আমন্ত্রণ জানান। সালমান খুরশিদ বলেন, ‘তাড়াহুড়ো করে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা হবে না। এর আগে কিছু কাজ পর্যায়ক্রমে সমাধা করতে হবে।’ এর আগে কাশ্মীরের উত্তেজনা প্রশমনের বিষয়টি নিয়ে দুই দেশের সেনা অভিযানবিষয়ক প্রধান একমত হয়েছেন। বিষয়টি ইতিবাচক অগ্রগতি বলে মন্তব্য করেন সালমান খুরশিদ।গতকাল টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সালমান বশির বলেছেন, ভারতীয় সেনাদের লাশ নিয়ে অবমাননাকর আচরণের অভিযোগসহ নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের সব স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে রাজি পাকিস্তান। বশির বলেন, খার-খুরশিদ আলোচনার জন্য পাকিস্তান কোনো নির্দিষ্ট সময়সীমা প্রস্তাব করেনি। তিনি বলেন, ‘আমরা কেবল আলোচনায় বসার জন্য প্রস্তাব করেছি এবং যে দুটো শব্দের ওপর আমরা জোর দিচ্ছি তা হলো—“সংলাপ” ও “উত্তেজনা প্রশমন”।’