কাশ্মীর বিষয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে কাল
কাশ্মীরের অশান্ত পরিস্থিতি মোকাবিলার পথ খুঁজতে আগামীকাল বুধবার দিল্লিতে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকার এই বৈঠকে দেশের সব প্রধান রাজনৈতিক দলের উপস্থিতি আশা করছে। বৈঠকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বিষয়ে আলোচনা করা হবে।সর্বদলীয় এই বৈঠকের পর নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদ কমিটিও গত তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেছেন, ‘সার্বিক পরিস্থিতি অত্যন্ত গভীরভাবে বিবেচনা করে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে, যেন সবাই এতে সংশ্লিষ্ট থাকে।’গতকাল কাশ্মীরে ভয়াবহ সহিংসতায় একজন পুলিশ কর্মকর্তাসহ ১৯ জন নিহত হওয়ার পর আজ মঙ্গলবার পুলিশ কাশ্মীরের রাস্তায় টহল জোরদার করেছে এবং কারফিউ ভঙ্গকারী কাউকে দেখামাত্র গুলি করা হবে বলে ঘোষণা দিয়েছে। তার পরও শ্রীনগরের উত্তরে বড়মুলায় বিক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষুব্ধ জনতা। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, এ সময় পুলিশ ফাঁকা গুলিবর্ষণ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং তিনজন বিক্ষোভকারী আহত হয়। তাঙমার্গ এলাকা থেকে পুলিশ প্রায় ৩৬ জনকে গ্রেপ্তার করেছে।গত জুন মাসে জঙ্গি আখ্যা দিয়ে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের তিনজন বেসামরিক নাগরিককে হত্যা করে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করার সময় পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ায় উত্তাল হয়ে ওঠে কাশ্মীর উপত্যকা। তারপর থেকে প্রায় প্রতিদিনই সেখানে বিক্ষোভ-সহিংসতা অব্যাহত আছে। পিটিআই