প্রেসিডেন্ট বারাক ওবামা আজ সোমবার জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র যেকোনো ধরনের সহযোগিতা করতে আগ্রহী। এদিকে মনমোহন সিং বলেছেন, কাশ্মীর বিষয়ে আলোচনায় নয়াদিল্লি ভীত নয়, কিন্তু সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে।যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সমস্যা সমাধানের জন্য তাঁদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, এ সমস্যার জন্য আমরা কোনো সমাধান দিতে পারি না। তবে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারলে আমরা খুশি হব। মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা শেষে ওবামা বলেন, দুই দেশ সম্মত হয়েছে সন্ত্রাসীদের জন্য এ অঞ্চল নিরাপদ আখড়া নয় এটা নিশ্চিত করতে হবে । কারণ এ অঞ্চল সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ।মাওবাদীদের প্রতিবাদ: এদিকে পুলিশ জানিয়েছে, বারাক ওবামার ভারত সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মাওবাদী গেরিলারা আজ ওড়িশার মালখানগিরি জেলার নতুন নির্মিত একটি স্কুল ভবন উড়িয়ে দিয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।প্রায় ৩০-৪০ জন বিদ্রোহী মালখানগিরি জেলা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে গোমফাকুন্ডা গ্রামের স্কুলের দ্বিতলা ভবন উড়িয়ে দেয়। আক্রমণের সময় কেউ ভেতরে ছিল না।ইন্সপেক্টর দেবাশীষ মিত্র জানান, ভবনটি নতুন নির্মিত ছিল। বিদ্রোহীরা স্থলমাইন ব্যবহার করে ভবনটি উড়িয়ে দেয়। পিটিআই ও আইএনএস।