কাশ্মীর সমস্যা: সবার দৃষ্টি মনমোহনের দিকে
কাশ্মীর সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছে সবাই। তিনি নিজেও সমস্যা সমাধানে খোলামেলা আলোচনা প্রয়োজন বলে আবারও মতামত ব্যক্ত করেছেন। তিনি বারবার ‘আউট অব দ্য বক্স’ সমাধানের কথা বলছেন। মধ্যপন্থী বিচ্ছিন্নতাবাদীরা কঠোর অবস্থানে যাওয়ার পথে এবং মূল ধারার রাজনৈতিক দলগুলো আবারও দ্বন্দ্বে জড়িয়ে পড়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে এখন তাঁর মনোযোগ প্রয়োজন।উদ্দেশ্য ভিন্ন হওয়ার পরও মূল ধারার রাজনৈতিক দলগুলো ও মধ্যপন্থী বিচ্ছিন্নতাবাদীরা মনে করে, এক সপ্তাহের সহিংসতার পর কাশ্মীরে আগের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রের হস্তক্ষেপের বিকল্প নেই। সহিংসতার কারণে সেখানে ভারতবিরোধী মনোভাব আগের চেয়ে বেড়ে গেছে। বর্তমানের শান্ত অবস্থা সাময়িকের জন্য। কেননা, সামনের দিনগুলোতে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী দলের আবারও বিক্ষোভ সৃষ্টির আশঙ্কা রয়েছে।অল পার্টি হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুক বলেন, এখন আস্থার প্রয়োজন এবং প্রধানমন্ত্রীর বিশেষ কোনো পদক্ষেপই পারে আলোচনার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে।মিরওয়াইজ বলেন, দিল্লি সুনির্দিষ্ট ও আন্তরিক পদক্ষেপ না নিলে তাঁরা আলোচনার টেবিলে ফিরে আসবেন না।বিরোধীদলীয় পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নেতা মেহবুবা মুফতিও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের ব্যাপারে তাঁর মতামত ব্যক্ত করেছেন। মেহবুবা বলেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।কাশ্মীরের অবস্থা উন্নয়নে কিছু পদক্ষেপ অবশ্যই সাধারণ মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন বলে মেহবুবা মুফতি জানান। প্রথমত, কাশ্মীরের মানুষের ক্ষোভ কমিয়ে আনতে প্রধানমন্ত্রীর পদক্ষেপ নিতে হবে। পরে সেখানের বড় ধরনের রাজনাৈতিক সমস্যা নিয়ে আলোচনা করতে হবে।গত শুক্রবার অব্যাহত কারফিউ ও উত্তেজনার মধ্যে মুসলমানদের শবে মেরাজের সময় মনমোহন সিং বিশেষ পদক্ষেপ নিতে পারতেন। মেহবুবা অভিযোগ করে বলেন, কাশ্মীরের বিষয় নিয়ে দিল্লির যথাযথ পদক্ষেপ দেখা যাচ্ছে না। শুধু সংকুচিত মূল ধারার রাজনৈতিক নেতারা ওই বৈঠকে অংশ নিচ্ছেন।এদিকে কাশ্মীরের আইনশৃঙ্খলার ব্যাপারে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর ডাকা সর্বদলীয় এক বৈঠক আজ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রাদেশিক আইনসভার ৮৭ জন সদস্যের মধ্যে বিজেপির ১১ জন সদস্য রয়েছেন।তাছাড়া ক্ষমতাসীন জাতীয় কংগ্রেস, কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্ক্সিস্ট (সিপিএম) ও ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি বৈঠকে অংশ নেবে।সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। পিডিপি ও প্যান্থার পার্টি বৈঠকে অংশ নিচ্ছে না বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়া