কাশ্মীর সীমান্ত পারাপার আবার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর সীমান্ত দিয়ে বেশ কিছুদিন লোক পারাপার বন্ধ থাকার পর আজ সোমবার তা আবার চালু হয়েছে। বিবিসি জানায়, সীমান্ত সংঘর্ষের কারণে প্রায় ১৫ দিন বন্ধ থাকার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমান্তপথ খুলে দেওয়া হয়েছে। ভারতীয় এক সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেন, জম্মুর পুঞ্জ জেলার ‘চাখান দা ভাগ’ পয়েন্ট দিয়ে আজ ১০০ জনের বেশি লোক সীমান্ত পার হয়েছেন। আগামীকাল মঙ্গলবার দুই দেশের মধ্যে বাণিজ্যও শুরু হবে বলে তিনি জানান। সম্প্রতি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়া হয়। বিবিসি আরও জানায়, ভারত ও পাকিস্তানের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা এক বৈঠকে নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) উত্তেজনাকর পরিস্থিতি কমানোর সিদ্ধান্ত নেন। তবে বৈঠকে দুই পক্ষই সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় প্ররোচনা দেওয়ার দায়দায়িত্ব অস্বীকার করেছে। কাশ্মীর সীমান্তের সংঘর্ষে তিনজন পাকিস্তানি ও দুজন ভারতীয় সেনা মারা যান।