কাশ্মীর সীমান্তে আরেক পাকিস্তানি সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় দায়িত্ব পালনকালে ভারতীয় সেনাদের গুলিতে আরেক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে আজ বুধবার আল জাজিরা জানায়, সীমান্তে দুপক্ষের গোলাগুলিতে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।গত সোমবার দেশ দুটির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুপক্ষই যুদ্ধবিরতি কার্যকর রাখার ব্যাপারে একমত হয়েছিল। কিন্তু, কোনো পক্ষই প্রতিশ্রুতি বজায় রাখতে সক্ষম হয়নি।পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গতকাল স্থানীয় সময় রাত ১০টার দিকে কুন্দি সীমান্তে ভারতীয় সেনারা গুলিবর্ষণ শুরু করে। এ ঘটনার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার গতকাল নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতকে ‘যুদ্ধবাজ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘রেষারেষিপূর্ণ এসব বিবৃতি খুবই বিরক্তিকর। এক রাজনীতিক অপরজনের চেয়ে বেশি বিদ্বেষপূর্ণ বিবৃতি দেওয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন।’গতকাল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আর আগের মতো চলতে পারে না। নিহত ভারতীয় সেনা সদস্যদের স্মরণ করে তিনি বলেন, ‘যা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। এর জন্য দায়ীদের বিচার করা হবে।’মাইন উদ্ধারভারতীয় সেনাবাহিনী আজ বুধবার জানিয়েছে, পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারত অধিকৃত কাশ্মীরে ঢুকে ভূমি মাইন পেতে রাখছে। সেনাবাহিনীর পক্ষ থেকে পেতে রাখা মাইনের কিছু ছবিও সরবরাহ করা হয়েছে।ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গত সোমবারের পতাকা বৈঠকে মাইন পেতে রাখার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। এ সময় পাকিস্তানি সেনা কর্মকর্তাদের পেতে রাখা মাইনের ছবি প্রদর্শনও করা হয়। ভারত অভিযোগ করেছে, ভারতীয় সেনা চৌকির আশপাশে এসব মাইন পেতে রাখছে পাকিস্তান।