কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত
কাশ্মীর সীমান্তের উত্তেজনাপূর্ণ নিয়ন্ত্রণরেখায় (এলওসি) আজ মঙ্গলবার পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে আবারও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় দুই ভারতীয় সেনাসদস্য নিহত ও একজন আহত হয়েছেন। রয়টার্স এ খবর জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই এলাকায় টহলরত ভারতীয় সেনাদের ওপর পাকিস্তানি সেনারা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। দুই দিন আগে রোববার ওই দুই পক্ষের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলি চলে। এতে পাকিস্তানের একজন সেনাসদস্য নিহত হন।ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র রাজেশ কে কালিয়া বলেন, জম্মু থেকে ২২০ কিলোমিটার (১৪০ মাইল) উত্তরে মেনধারের কাছে নিয়ন্ত্রণরেখায় গতকাল তাঁদের সেনাসদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। তাঁরা এ সময় ভারতীয় সীমানার প্রায় আধা কিলোমিটার ভেতরে সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা দেখতে পান। তিনি বলেন, ‘পরে আমাদের সেনাসদস্যরা তাঁদের আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু ওই ব্যক্তিরা তাঁদের ওপর গুলি চালান।’ অপর এক সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পুঞ্চের মানকোটে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় টহল দলের ওপর পাকিস্তানি সেনাসদস্যরা হামলা চালিয়েছেন। এতে দুই ভারতীয় সেনাসদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন। এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনার দুই দিন পর নতুন করে এ ঘটনা ঘটল। রোববার পাকিস্তান অভিযোগ করে, ভারতের সেনাসদস্যরা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে তাদের একটি নিরাপত্তা চৌকি গুঁড়িয়ে দিয়েছেন। এ ছাড়া একজন সেনাসদস্যকে হত্যা ও আরেকজনকে আহত করেছেন। অবশ্য ভারত এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, পাকিস্তানের সেনাসদস্যরাই উসকানিমূলকভাবে প্রথমে গুলি ছোড়েন।