ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গিদের জন্য পাকিস্তান থেকে পাঠানো চালানের গ্রেনেড দিয়ে শেখ হাসিনার সমাবেশে হামলা করা হয়েছিল। কাশ্মীরের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদীনের সমন্বয়ক ইউসুফ ভাট ওরফে মাজেদ ভাটের কাছ থেকে আর্জেস গ্রেনেডগুলো সংগ্রহ করেছিলেন মাওলানা তাজউদ্দিন। তাজউদ্দিন সেই গ্রেনেড সরবরাহ করেছেন হরকাতুল জিহাদকে (হুজি)। আর হুজির জঙ্গিরা সেই গ্রেনেড দিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে হামলা চালায় জনাকীর্ণ সমাবেশে।২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে তখনকার বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে চালানো হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উৎস বের করতে চলা অধিকতর তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের নিশ্চিহ্ন করতে চালানো ওই হামলার ঘটনায় করা মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। কারণ আগের তদন্তে গ্রেনেডের উৎস সম্পর্কে তাজউদ্দিনের কথা বলা হয়েছিল। কিন্তু তিনি কোথা থেকে এবং কীভাবে গ্রেনেড সংগ্রহ করলেন, সে সম্পর্কে কিছুই বলা হয়নি।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এরই মধ্যে তাজউদ্দিনকে গ্রেনেড সরবরাহকারী মাজেদ ভাট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ মাজেদ ভাটের এক সহযোগী পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবার সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদকে গত ৫ অক্টোবর গ্রেপ্তার করা হয়। মালেকও গত রোববার ঢাকার মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাতে তিনি ঢাকায় একই বাড়িতে মাজেদ ভাট ও মাওলানা তাজউদ্দিনের বসবাস এবং সেখানে গ্রেনেড মজুদ করা হয়েছিল বলে তথ্য দিয়েছেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, কাশ্মীরি জঙ্গি মাজেদ ভাটকে বিগত জোট সরকারের আমলে এ দেশে থাকার ব্যবস্থা করে দেন তাজউদ্দিন। তখন তাজউদ্দিন রাজধানীর মোহাম্মদপুরের চান মিয়া হাউজিংয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আরেক আসামি আরিফ হাসান ওরফে সুমনের বাসায় ভাড়া থাকতেন। মাজেদ ভাটকেও একই বাড়ির আরেক ফ্ল্যাটে রাখা হয়।গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে মাজেদ ভাট জানান, তাঁকে এ দেশে বিয়েও করিয়েছেন তাজউদ্দিন। আর এতে সহায়তা করেছে আরিফ হাসানের পরিবার।মাজেদের শ্বশুরবাড়ি সিরাগঞ্জে। তাঁর স্ত্রী ঢাকার লালমাটিয়া মহিলা কলেজে রসায়ন বিভাগে পড়ার সময় ঘটনাচক্রে পরিচিত হন আরিফ হাসানের সঙ্গে। তারপর তাঁদের বন্ধুত্ব হয়। একপর্যায়ে আরিফ হাসানের মা ওই কলেজছাত্রীকে হোস্টেল ছেড়ে তাঁদের বাসায় থাকার প্রস্তাব দেন। ওই বাসায় ওঠার পর আরিফ হাসানের মা ও তাজউদ্দিন উদ্যোগ নিয়ে মেয়েটির সঙ্গে মাজেদের বিয়ে দেন।মাজেদের স্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান, তাঁকে বলা হয়েছিল মাজেদ পাকিস্তানি নাগরিক, বিএসসি পাস ছেলে। এখানে ব্যবসা করেন এবং বাংলাদেশের নাগরিক হয়েছেন। আর কখনো পাকিস্তানে ফিরে যাবেন না। আরিফের মায়ের উদ্যোগে তাঁর পরিবার একপর্যায়ে ওই বিয়েতে সম্মতি দেয়।মাজেদ ভাটের স্ত্রী ও শাশুড়ি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দিতে এই বিবরণ দিয়েছেন বলে সূত্র জানায়। তাঁরা জানান, মাজেদের বাড়ি যে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের ইসলামাবাদ জেলার তেহশিল থানার তেরিগাঁও গ্রামে এবং তিনি যে হিজবুল মুজাহিদীনের সশস্ত্র জঙ্গি, সেটা তাঁরা জানতেন না।মাজেদ ও তাঁর স্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের শুরুর দিকে মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের ওই বাসা থেকে মাজেদকে একটি বিশেষ সংস্থা আটক করে। তবে পুলিশের নথিপত্রে মাজেদ ভাটকে গত বছরের জানুয়ারিতে উত্তরার একটি বাসা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখানো হয়।মাজেদের গ্রেপ্তারের পর তাঁর স্ত্রী সিরাজগঞ্জে বাবার বাড়িতে চলে যান। এরপর তাঁর কাছে নিয়মিত মাস খরচের টাকা আসত পাকিস্তান থেকে। আর সেই টাকা তাঁর কাছে পৌঁছে দিতেন মাজেদের সহযোগী মালেক।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মালেকও আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, পাকিস্তান থেকে লস্কর-ই-তাইয়েবার নেতা সাঈদ ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাতেন আর সেই টাকা তিনি সিরাজগঞ্জে মাজেদ ভাটের স্ত্রীর কাছে পৌঁছে দিতেন। মালেক নিজেও মোহাম্মদপুরে মাজেদের বাসায় বিভিন্ন সময়ে মজুদ করা গ্রেনেড দেখেছেন। মাজেদ তাঁকে বলেছেন, এসব গ্রেনেড সংগঠনের কাজের জন্য আনা হয়েছে।গত ডিসেম্বরে আদালতে দেওয়া সিআইডির এক প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে মাজেদ স্বীকার করেছেন, তিনি কাশ্মীরের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদীনের সশস্ত্র সদস্য। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি মাওলানা তাজউদ্দিনের সহযোগিতায় ঢাকায় আসেন এবং বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালান। বাংলাদেশের হুজি নেতা মুফতি আবদুল হান্নানের সঙ্গে মাজেদের ঘনিষ্ঠতা ছিল। তিনি বিভিন্ন সময়ে গুলি, গ্রেনেড ও অস্ত্র এনে জঙ্গি তৎপরতা চালিয়েছেন।ওই প্রতিবেদনে আরও বলা হয়, মাজেদ পাকিস্তানি জঙ্গিদের এ দেশে এনে তাদের ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাঠানোর ব্যবস্থা করতেন। তাঁকে বাংলাদেশসহ কাশ্মীরে জঙ্গি তৎপরতা চালানোর জন্য তাঁদের সংগঠন দায়িত্ব দিয়েছে বলেও মাজেদ স্বীকার করেছেন।২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রে জঙ্গিদের গ্রেনেড সরবরাহকারী হিসেবে মাওলানা তাজউদ্দিনকে আসামি করা হয়। কিন্তু তাজউদ্দিন কোথা থেকে কীভাবে এই গ্রেনেড সংগ্রহ করলেন, তা বের করার জন্য বর্তমানে অধিকতর তদন্তে জোর দেওয়া হয় বলে সিআইডি সূত্রে জানা গেছে।যোগাযোগ করা হলে তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, অধিকতর তদন্ত প্রায় শেষ পর্যায়ে। হামলায় ব্যবহূত গ্রেনেডের উৎস শনাক্ত হয়েছে। তদন্তের স্বার্থে তিনি এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি।এদিকে মাওলানা তাজউদ্দিনকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে।তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জোট সরকারের শেষ দিকে তাজউদ্দিনকে একটি গোয়েন্দা সংস্থার কতিপয় কর্মকর্তা ভিন্ন নামে পাসপোর্ট তৈরি করে দিয়ে পাকিস্তানে পালাতে সহায়তা করেন। এর আগে তাজউদ্দিনকে ওই সংস্থার কার্যালয়ে কিছুদিন আটক রাখা হয়েছিল বলে অধিকতর তদন্তে বেরিয়ে এসেছে। এ ব্যাপারে সাবেক তিন গোয়েন্দা কর্মকর্তা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তবে মূল সহায়তাকারী হিসেবে গত নভেম্বরে চাকরিচ্যুত সাবেক গোয়েন্দা কর্মকর্তা লে. কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দারের নাম এসেছে। তিনি গত বছরের নভেম্বরে দেশ ছেড়ে পালিয়ে যান। ইন্টারপোলের মাধ্যমে তাঁকে বিদেশ থেকে ধরে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।গত বছরের ২৭ ডিসেম্বর আদালতে তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদনেও বলা হয়, এই মামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিনের বিদেশে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ একটি গোয়েন্দা সংস্থার একাংশের সহায়তার ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ কয়েক শ নেতা-কর্মী।বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলাটির তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩১ জুলাই সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবিরকে নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ২০০৮ সালের ১১ জুন এ-সংক্রান্ত মামলা দুটির অভিযোগপত্র আদালতে দেওয়া হয়। তাতে হুজি নেতা মুফতি হান্নান ও বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৩ আগস্ট মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।এরপর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার একান্ত সচিব সাইফুল ইসলাম ডিউক, বিএনপির মহানগর শাখার নেতা ও ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান, হুজির সাবেক আমির মাওলানা আবদুস সালাম, কাশ্মীরি জঙ্গি মাজেদ ভাট ও লস্করের জঙ্গি আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়।