কাশ্মীরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর ও অন্য শহরগুলোতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। শনিবার সেখানে ভারত শাসনবিরোধী বিক্ষোভ চলাকালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। খবর বিবিসি অনলাইনের।পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে শ্রীনগরে এ মিছিলের আয়োজন করা হয়। কয়েক হাজার লোক এ মিছিলে অংশ নেয়। পরে এ মিছিল সহিংস সংঘর্ষে রূপ নেয়।শ্রীনগর, জম্মু ও কাশ্মীরের গুরুত্বপূর্ণ শহরগুলোয় কারফিউ বলবত্ রাখতে গতকাল নিরাপত্তারক্ষীদের গাড়িতে ভারী অস্ত্র সজ্জিত করে টহল দিতে দেখা যায়। শহরগুলোতে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দেয় নিরাপত্তারক্ষীরা। শনিবারের এ সহিংসতায় উসকানি দেওয়ায় পুলিশ বিচ্ছিন্নতাবাদী নেতা মিয়াওয়াইজ উমর ফারুককে অভিযুক্ত করেছে। অভিযোগে বলা হয়, অল-পার্টি হুরিয়াত কনফারেন্সের (এপিএইচসি) প্রধান উমর ফারুক শ্রীনগরের জনগণকে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ভারত শাসনবিরোধী বিক্ষোভে অংশ নিতে উদ্বুদ্ধ করেন। সবুজ ইসলামি পতাকা বহনকারী বিক্ষোভকারীরা একটি সরকারি ভবন ও একটি পুলিশ তল্লাশি চৌকিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা কাশ্মীরের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার পক্ষে স্লোগান দেয়। তবে উমর ফারুক তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।এদিকে হিন্দুস্তান টাইমস পরিচালিত নতুন এক জরিপে দেখা গেছে, কাশ্মীরের দুই-তৃতীয়াংশ জনগণ ভারতের থেকে স্বাধীনতা ঘোষণা করে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে। শুধ মুসলিম অধ্যুষিত এলাকার ছয় শতাংশ মানুষ পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার পক্ষে মত দেন। তবে হিন্দু ও বৌদ্ধ অধ্যুষিত জম্মু ও লাদাখ এলাকার জনগণ কোনো প্রকার বিচ্ছিন্নতা কিংবা স্বাধীনতার পক্ষে মতামত ব্যক্ত করেনি।