কাশ্মীরে আহত এক বিক্ষোভকারীর মৃত্যু
ভারতের কাশ্মীরে চলমান সহিংসতায় আহত এক বিক্ষোভকারী (২০) আজ বুধবার মারা গেছেন। গত জুন মাস থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১০৭। বিক্ষোভ দমনে ভারত সরকার শ্রীনগর ও কাশ্মীরের প্রধান প্রধান শহরগুলোয় কারফিউ জারি রেখেছে।নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, ১৩ সেপ্টেম্বর কারফিউ চলাকালে সরকারি নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করতে গিয়ে তিনি আহত হয়েছিলেন।মানবাধিকার সংস্থা অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল কাশ্মীরে হত্যার তদন্ত এবং বিক্ষোভ দমনে প্রাণঘাতী বলপ্রয়োগ বন্ধ করতে ভারতের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।এদিকে সমাধানের পথ খুঁজে বের করতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের নেতৃত্বে ৪০ জন আইন প্রণেতার তিন দিনের কাশ্মীর সফরের আজ ছিল শেষ দিন।উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে কাশ্মীরে বিভিন্ন সময় শুরু হওয়া বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভে প্রায় ৬৮ হাজার বেসামরিক লোক মারা গেছে।—এপি