কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সদস্যসহ তিনজন নিহত
কাশ্মীরের রাজৌরি জেলায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর একজন সদস্য ও দুজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন।এ ছাড়া একজন মেজর ও পুলিশ সদস্যসহ আরও তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার থেকে শুরু হয়ে সারারাত ধরে চলে এই বন্দুকযুদ্ধ।নিহত দুই জঙ্গি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলে সন্দেহ করছে কাশ্মীরের পুলিশ। সাম্প্রতিক সময়ে সহিংসতাপূর্ণ কাশ্মীরে জঙ্গিরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে ধারণা করছে নিরাপত্তাকর্মীরা।ভারী বৃষ্টিপাত কাশ্মীরের শাহধারা অঞ্চলের দুর্গম পাহাড়ি জঙ্গলে অভিযান চালানোর ক্ষেত্রে একটা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে জুতা নিক্ষেপকারী আবদুল আহাদ জানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ সূত্র থেকে জানা গেছে, একটি রাজনৈতিক দলের নেতার প্ররোচনায় এই কাজ করেছে বলে জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেছেন আবদুুল আহাদ জান।গত দুই মাসে কাশ্মীর উপত্যকায় বিক্ষুব্ধ জনতা ও নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৫০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। বিবিসি অনলাইন।