কাশ্মীরে বর্ষণ ও আকস্মিক বন্যায় ১০৩ জনের প্রাণহানি
উত্তর কাশ্মীরের লে অঞ্চলে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সাত জওয়ানসহ ১০৩ জনের প্রাণহানি এবং ৩০০ জন আহত হয়েছে। এ ঘটনায় তিনটি গ্রাম প্লাবিত হয়ে প্রায় এক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাত থেকে এই টানা বৃষ্টিপাত শুরু হয়। এ কারণে স্থানীয় জনগণসহ পর্যটকেরা চরম ভোগান্তিতে পড়েছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিপাত শুরু হলে তিনটি গ্রামসহ আশপাশের বেশ কিছু এলাকা প্লাবিত হয়। প্রায় ছয় ফুট পানি জমে যাওয়ায় লের হাসপাতাল, সেনাছাউনি, বিমানবন্দর এবং বিএসএনএলের দপ্তরও প্লাবিত হয়েছে। এ ছাড়া বৃষ্টিপাতে কারগিলের একটি সেতু ভেঙে যাওয়ায় মানালির সঙ্গে লের যোগাযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।তবে ইতিমধ্যেই প্রায় ১০ হাজার জওয়ান ওই অঞ্চলে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানা গেছে। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সেনাবাহিনী।