কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ, কারফিউ জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের চাত্তাবল এলাকায় আজ বৃহস্পতিবারও সহিংসতার ঘটনা ঘটেছে। শ্রীনগরে কিছুসংখ্যক নারী বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ ঘটনার জের ধরে যুবকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন লোক আহত হয়। যেকোনো ধরনের সহিংসতা এড়াতে উপত্যকায় অতিরিক্ত নারী পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে সহিংস বিক্ষোভ এড়াতে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলিমপ্রধান সব এলাকায় গতকাল বুধবার থেকে কারফিউ জারি করা হয়।ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরসহ গুরুত্বপূর্ণ সব শহরে নিষেধাজ্ঞা আরোপ করতে গতকাল দ্বিতীয় দিনের মতো হাজার হাজার পুলিশ ও আধা সামরিক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য মোতায়েন করা হয়।গত মঙ্গলবার বিকেলে শ্রীনগর থেকে ৬২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত অনন্তনাগ শহরে তিনজন যুবকের হত্যাকাণ্ডের পর এই পদক্ষেপ নেওয়া হয়।অনন্তনাগ শহরে ঘটা ওই হত্যাকাণ্ড নতুন করে বিক্ষোভের জন্ম দেয়। বিক্ষোভকারীরা সরকারি কিছু গাড়ি, একটি পুলিশ চৌকি, একটি পেট্রল পাম্প এবং কিছু ব্যক্তিগত সম্পত্তিতে আগুন লাগিয়ে দেয়।একজন সরকারি কর্মকর্তা বলেন, ওই শহর ও তার উপকণ্ঠে সব বিধি-নিষেধ কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। সরকার সহিংসতার চক্র ভেঙে দেওয়া ও বেসামরিক নাগরিকদের প্রাণহানি বন্ধ করার লক্ষ্যে এই কঠোর বিধি-নিষেধগুলো বলবত্ করার চেষ্টা করছে।এই অস্থিতিশীল অবস্থা রাজ্যটির ওমর আবদুল্লাহর নেতৃত্বাধীন সরকারের ওপর বেশ চাপ সৃষ্টি করেছে। তিনি গত মঙ্গলবার কারফিউ মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানান এবং শিশুদের উপদেশ দেন পাথর ছুড়ে মারা থেকে বিরত থাকতে।এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সবাইকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, যেখানেই কারফিউ জারি করা হবে সেখানেই কারফিউ বলবত্ করা হবে।গত শুক্রবার থেকে এ পর্যন্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের গুলিতে আটজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ছাড়া গত তিন সপ্তাহে বিক্ষোভকারীদের ওপর পুলিশ ও আধাসামরিক বাহিনীর কয়েকটি হামলায় ১১ জন বেসামরিক লোক গুলিবিদ্ধ হয়।কর্তৃপক্ষ বড়মুল্লা জেলায় মুঠোফোন সেবা বিচ্ছিন্ন করে দিয়েছে এবং পুরো অঞ্চলে এসএমএস সেবা বন্ধ করে দিয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তথ্য আদান-প্রদান ও গুজব ছড়ানো বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়।কর্মকর্তারা বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভারতীয় সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।পুলিশ ওই এলাকা থেকে হুররিয়াত কনফারেন্সের কয়েক ডজন বিচ্ছিন্নতাবাদী মধ্যপন্থী ও চরমপন্থী নেতাকে গ্রেপ্তার করেছে, যাতে সাধারণ জনগণের ওপর তাঁদের প্রভাব হ্রাস পায়।চরমপন্থী নেতা সাইয়্যিদ আলী শাহ গিলানিকে জন নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ ওই সব বিক্ষোভকে উসকে দেওয়ার জন্য বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করছে।এদিকে এই চরম বিধি-নিষেধের ফলে শ্রীনগর শহর ও অন্যান্য জেলায় ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্কুল ও সরকারি দপ্তরগুলো বন্ধ রয়েছে। রাস্তাগুলোতেও গাড়ি চলাচল নেই। সিনহুয়া ও এনডিটিভি।