মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতশাসিত কাশ্মীরের জননিরাপত্তা আইনের তীব্র সমালোচনা করেছে। সংগঠনটির দাবি, এ আইন প্রয়োগ করে ২০ হাজারেরও বেশি ব্যক্তিকে বিনা বিচারে আটক রাখা হয়েছে।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। সংগঠনটি ভারত সরকারের কাছে মানবাধিকার-বিরোধী ‘জন নিরাপত্তা আইন’ (পিএসএ) বিলোপ করার দাবি জানিয়েছে। তবে ভারত সরকার এ প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।প্রসঙ্গত, এ আইনের অধীনে যে কাউকে বিনা বিচারে দুই বছর পর্যন্ত আটক রাখা যায়। ১৯৮৯ সাল থেকে ভারতশাসিত কাশ্মীরে সংঘাত চলছে। সংঘাতময় পরিস্থিতি শুরুর পর থেকেই এ ধরনের আটকাদেশ চলছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতের বিচার বিভাগের সমালোচনা করে বলেছে, তারা আটক ব্যক্তিদের মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সংগঠনটির দাবি, আটক ব্যক্তিদের দীর্ঘদিন বিচারের আওতায় না এনে নানা ধরনের নির্যাতনও করা হচ্ছে।