কাশ্মীরে সহিংসতায় নিহত ৩, আহত ৭০, কারফিউ জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের গঙ্গাবাগ এলাকায় আজ মঙ্গলবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত তিন সাধারণ নাগরিক নিহত এবং ৭০ জন আহত হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ শ্রীনগরে কারফিউ জারি করেছে।প্রাথমিক সংবাদে বলা হয়, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে পুলিশ গুলি চালায়। এতে ফায়াজ আহমেদ ওয়ানি নামের এক ব্যক্তি নিহত হন। একই এলাকায় আকস্মিকভাবে একটি লক্ষ্যভ্রষ্ট গুলির আঘাতে ফেন্সী (২৫) নামের এক নারী এবং আবরার খান (১৮) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা যান।পুলিশ জানিয়েছে, শ্রীনগরে সহিংসতা কমানোর জন্য বর্তমানে শহরে কারফিউ জারি করা হয়েছে।গত জুন মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ১১ জন বেসামরিক লোক মারা যান। এর মধ্যে বেশির ভাগ লোক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) হাতে মারা যান বলে অভিযোগ করা হয়।এক ব্যক্তিকে ডুবিয়ে মারার অভিযোগে আজ সকালে বিক্ষোভ শুরু হয়। স্থানীয় লোকজন এই মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে। তবে পুলিশ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।মুসলমান অধ্যুষিত কাশ্মীরের এই অঞ্চলে কয়েকজন সাধারণ লোক নিহত হওয়ার জের ধরে শুরু হওয়া বিক্ষোভে কয়েক সপ্তাহ ধরে সেখানে কারফিউ ও ধর্মঘট চলছে। পিটিআই, বিবিসি